মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামী কোরবানি ঈদে ভারত, মিয়ানমারসহ অন্য কোনো দেশ থেকে পশু আমদানি করতে হবে না। কোরবানির পশুর জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ। কালোবাজারির মাধ্যমে কোনো পশু যেন দেশে আসতে না পারে সেজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশু নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। দেশের পশুই কোরবানির জন্য যথেষ্ট।
গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরে এসিআই অ্যানিমেল জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ‘বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ’এ সেøাগানকে সামনে রেখে এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসিআই অ্যাগ্রো বিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন প্রমুখ।
