বাজেটে জনমতের প্রতিফলন নিয়ে এক আন্তর্জাতিক মানের জরিপে বাংলাদেশের স্কোর মাত্র ১৩; যা প্রতিবেশী দেশ নেপাল থেকেও কম। গতকাল বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে ‘প্রস্তাবিত বাজেট ২০২২-২৩ এনডিএমের প্রতিক্রিয়া এবং পর্যালোচনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
সভায় প্রস্তাবিত বাজেট নিয়ে দলের বিশ্লেষণ ও লিখিত প্রতিক্রিয়া উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরার সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ।
