ব্রিফিংয়ে সিইসি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে

আপডেট : ১৬ জুন ২০২২, ০৪:৫৩ এএম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’

গতকাল বুধবার কুসিক নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি ব্রিফিংয়ে এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সকাল থেকেই আমরা যতদূর সম্ভব সিসি ক্যামেরা এবং টিভির মাধ্যমে সংবাদগুলো প্রত্যক্ষ করছিলাম। আমরা দেখেছি, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ছিল। কোনো রকম সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে একটু বিঘœ ঘটছে। যতগুলো সেন্টার থেকে আমাদের অফিস তথ্য পেয়েছে; তাতে ৬০ শতাংশ প্লাস, মাইনাস ভোট কাস্টিং হয়েছে।’

ভোটে স্বচ্ছতার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আগে থেকেই আমরা শক্ত ছিলাম, যাতে ভোট স্বচ্ছ হয়। সংবাদকর্মীদের অবাধ পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব পালন করেছেন। সবার কাছ থেকে মন্তব্য আমরা পেয়েছি।’

ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সেøা ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে। যারা ভোট দিতে অভ্যস্ত না, তাদের বুঝতে সময় লেগেছে। যারা ইভিএমে অভ্যস্ত, ভোট দিয়েছেন বুঝেছেন, তাদের ১৫ থেকে ৩০ সেকেন্ড লেগেছে। কেউ কেউ বলেছেন, ইভিএমের মাধ্যমে তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ করেছি, যারা একটু বয়স্ক, তাদের জন্য ব্যক্তিবিশেষের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। সাধারণভাবে ইভিএমের মাধ্যমে ভোটটা ভালো হয়েছে।’

এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ প্রসঙ্গে সিইসি  বলেন, ‘প্রথমত মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমার দৃষ্টিতে পাস্ট অ্যান্ড ক্লোজড। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বাহার সাহেবের ম্যাটার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনারাও করেছেন। নির্বাচন শেষ হয়েছে। এখন এ বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য আমাকে জিজ্ঞেস করলেও আমি করব না।’

স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা পরিবর্তন করা হবে কি-না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন ‘সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। আইন সংশোধনের বিষয়টি কন্টিনিয়াস প্রসেস।’

কুসিকসহ দেশের ১৩২টি ইউনিয়ন পরিষদ, ৫টি পৌরসভা, ৪টি উপজেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে গতকাল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত