ভিআরে বড় বিনিয়োগ করতে যাচ্ছে বাইটড্যান্স

আপডেট : ১৭ জুন ২০২২, ০১:২০ এএম

‘ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর)’-এ প্রবেশ করতে চাচ্ছে টিকটকের মালিক প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’। সেই লক্ষ্যে, ‘ভিআর’ সম্পর্কিত কনটেন্ট তৈরিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বাইটড্যান্সের এই বিনিয়োগ নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগের বড় একটি অংশ খরচ হবে কর্মী নিয়োগের পেছনে। গত বছর প্রতিষ্ঠানটির নিজস্ব ভিআর স্টার্টআপ ‘পিকো’-এর জন্য ৪০টিরও বেশি নিয়োগ বিজ্ঞাপন চিহ্নিত করেছে প্রোটোকল।

বিজ্ঞাপনের বেশির ভাগই ‘পিকো স্টুডিওস’-এর মার্কিন পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন শাখার জন্য। এতে ‘হেড অব ভিআর গেম স্ট্র্যাটেজি’ থেকে শুরু করে ‘গেম অপারেটিং ম্যানেজার’-এর মতো পদে লোক খোঁজার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। বিজ্ঞাপনের অন্যান্য পদে পিকোর ভিআর হার্ডওয়্যার গুরুত্ব পেয়েছে বেশি। এর মধ্যে ‘অপটিক্যাল ইঞ্জিনিয়ার’ এবং ‘সিস্টেম ডিজাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার’-এর পদও রয়েছে। পাশাপাশি, ‘হেড অব কনজিউমার সেলস’ নামে একটি পদের বিজ্ঞাপনও চিহ্নিত করেছে প্রোটোকল। যুক্তরাষ্ট্রে ‘পিকো’ যে নিজের শক্ত উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়, এসব বিজ্ঞাপন তারই ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে পিকোর পণ্যবিক্রি ও বিপণনের দায়ভার থাকবে চাকরি প্রার্থীদের ওপর।

সফল হতে পিকোকে এখনো অনেক পথ এগোতে হবে। মেটা, এইচটিসি, ভাল্ভে ও প্লেস্টেশনের মতো মূলধারার হেডসেটের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা করতে যেসব রসদ প্রয়োজন, সেগুলো সবই আছে বাইটড্যান্সের কাছে। প্রতিষ্ঠানটির ‘ফ্ল্যাগশিপ অল-ইন-ওয়ান’ হেডসেট ‘পিকো নিও ৩ লিংক’ ইউরোপে উন্মোচিত হয়েছে মে মাসে। এর দাম ৪৭২ ডলার। এই হেডসেটের চশমার মিল রয়েছে ২৫৬ জিবির ‘মেটা কোয়েস্ট ২’-এর সঙ্গে। বাজারে ডিভাইসটির দাম ৩৯৯ ডলার হলেও দুটো হেডসেটের স্টোরেজ একই। এ ছাড়া, হেডসটে চোখ প্রতি ‘১৮৩২ এক্স ১৯২০’ রেজুলেশন এবং ‘স্নাপড্রাগন এক্সআর২’ চিপ ব্যবহৃত হয়েছে। ‘নিও ৩ লিংক’ হেডসেটে অবশ্য একটি বাড়তি ‘হেডসেট স্ট্র্যাপ’ থাকলেও, একে ৪৯ ডলারে আলাদা পণ্য হিসেবে বিক্রি করে ‘কোয়েস্ট ২’। এ ছাড়া সংযোগের জন্য ইউএসবি-সি পোর্টের জায়গায় ব্যবহৃত হয়েছে ‘ডিসপ্লে পোর্ট’, যা পিসি ব্যবহারকারীর জন্য ছবির মানকে আরও উন্নত করে। ‘নিও ৩ লিংক’ সেসব ব্যবহারকারীকে লক্ষ্য করে এগোচ্ছে, যারা ‘ভাল্ভে ইনডেক্স’কেনার পেছনে ৯৯৯ ডলার অথবা ‘এইচটিসি ভাইভ প্রো ২’ কেনার পেছনে ৭৯৯ ডলার খরচ করতে চান না। মেটার ‘কোয়েস্ট ২’-এর সঙ্গে যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, একটি হেডসেট হিসেবে নিজের অবস্থান তৈরি করতে চায় ‘নিও ৩ লিংক’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত