মায়ের কোলে হঠাৎ গুলিতে রক্তাক্ত লামিছা

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:০৩ এএম

মা রুবিনা আক্তারের কোলে বসে খেলছিল তিন বছর বয়সী মেয়ে লামিছা। এরই মধ্যে হঠাৎ ছুটে আসা শটগানের গুলিতে রক্তে ভেসে যেতে থাকে ছোট্ট লামিছার শরীর। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন মা রুবিনা আক্তারও। মা-মেয়ের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাদের। অবস্থার অবনতি হলে মা-মেয়েকে পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন সেখানেই মৃত্যুর সঙ্গে লড়ছেন তারা। গত বুধবার শরীয়তপুরের জাজিরার বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি একতা যুব সংঘ কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হন লামিছা ও তার মা রুবিনা আক্তার এবং প্রতিবেশী ইমরান হোসেন।

জাজিরার এ ঘটনা ছাড়াও গত বুধবার অনুষ্ঠিত বেশ কটি ইউপি নির্বাচনের ভোটগ্রহণের দিন এবং পরদিন গতকাল বৃহস্পতিবার নির্বাচন-পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে মাদারীপুরের কালকিনিতে নির্বাচনে পরাজিত হয়ে জয়ী প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে। টাঙ্গাইলের মির্জাপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের একতা যুব সংঘ কেন্দ্রের ফল ঘোষণার পর বিজয়ী সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম ও পরাজিত প্রার্থী মতিউর রহমান সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের (রাবার বুলেট) ১২টি গুলি ছোড়ে। এতে ইমরান হোসেন, রুবিনা আক্তার ও তার তিন বছরের মেয়ে লামিছা গুলিবিদ্ধ হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাদের সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘শিশু লামিছা ও তার মায়ের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। জাজিরায় তাদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

একতা যুব সংঘ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শেখ দেলোয়ার হোসেন বলেন, ‘সব প্রার্থীর ফলাফল ঘোষণা করে আমরা কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিলাম। এমন সময় পরাজিত প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা হামলা করেন। হামলায় আমাদের কয়েকজন কর্মকর্তারাও আহত হয়েছেন। আমাদের কিছু মালামাল খোয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট র‌্যাব ও পুলিশ নিয়ে আমাদের উদ্ধার করেছেন।’

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে ও নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপদ রাখতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। তাতে তিনজন আহত হওয়ার কথা শুনেছি। এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা তদন্ত করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরাজিত প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা করেছে। কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছিল। পুলিশের গুলিতে শিশুসহ তিন ব্যক্তি আহত হওয়ার ঘটনা দুঃখজনক। আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।’

মাদারীপুরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট : মাদারীপুরের কালকিনিতে হামলা চালিয়ে জয়ী প্রার্থী বেলায়েত সরদারের সমর্থকদের ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে দুই নারী আহত হয়েছেন। গত বুধবার রাতে এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাচারীকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত দুজন হলেন ফাতেমা (৬০) ও রিমা আক্তার (২০)।

কালকিনি মডেল থানার ওসি শামীম হোসেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আহত : টাঙ্গাইলের মির্জাপুরে আবুল কালাম আজাদ নামে এক আওয়ামী লীগ নেতার ওপর পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তালুকদারের সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম আজাদ ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তিনি ঘটনার রাতেই মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সোনারগাঁয়ে একজনকে কুপিয়ে জখম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালের ওই হামলার সময় মিনহাজ নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত মিনহাজ মোগরাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ষোলপাড়া গ্রামের মো. নিরল মিয়ার ছেলে। তিনি সোনারগাঁ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সোনারগাঁ থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হামলা ও সহিংসতার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে হামলায় আহত প্রিসাইডিং অফিসার মো. ফখরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচশজনকে আসামি করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত