দক্ষিণাঞ্চল আর অবহেলিত থাকবে না : প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:০৪ এএম

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ জনপদের মানুষ আর অবহেলিত থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চল বা পদ্মা পাড়ের মানুষ বরাবরই অবহেলিত ছিল। দারিদ্র্য আমাদের নিত্যসঙ্গী। আল্লাহর অশেষ রহমতে, সেই পরিস্থিতি আর থাকবে না। কারণ আমরা একটি বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করে পদ্মা সেতুর কাজ শেষ করেছি, যা আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার সকালে পল্লী জনপদ, রংপুর এবং বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন ও পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বাপার্ড), কোটালীপাড়া, গোপালগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে এ উপলক্ষে পল্লী জনপদ, রংপুর এবং বাপার্ড, কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রান্তে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘যে দক্ষিণাঞ্চলের জনগণ সারা জীবন অবহেলিত ছিল, এখন আর অবহেলিত থাকবে না। কারণ একটা জায়গায় যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তাহলে সেখানকার অর্থনৈতিক অবস্থা এমনিতেই উন্নত হয়। এটাই হলো বাস্তবতা। পদ্মা সেতু জাতীয় অর্থনীতি জোরদারে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখবে। দক্ষিণাঞ্চলের জনগণকে আমরা উন্নত জীবন উপহার দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছি এবং আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের একজন লোকও গৃহহীন ও ক্ষুধার্ত থাকবে না।’

পদ্মা সেতু উদ্বোধনের প্রসঙ্গ টেনে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সেতু উদ্বোধনের পর সেখানে গাড়ি নিয়ে অসুস্থ প্রতিযোগিতা কেউ যেন না করেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ উৎসব কেবল পদ্মা পাড়েই হবে না, সারা দেশের প্রত্যেক জেলায় এ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মহোৎসব হবে। কারণ এটা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।’

এ সেতু করতে গিয়ে তার ও তার পরিবার এবং সরকারের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা হলে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেই অভিযোগ প্রমাণের আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘কারণ আমরা এখানে (রাষ্ট্র পরিচালনায়) দুর্নীতি করতে আসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রকল্প-সংশ্লিষ্ট একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ এবং বিশ্বব্যাংকের ভুয়া দুর্নীতির অভিযোগের পেছনে নোবেল বিজয়ী ড. ইউনূসের যোগসাজশের অভিযোগ আবার উত্থাপন করে শেখ হাসিনা বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা আমিই তাকে দিয়েছি। যেমন গ্রামীণফোন, এই ব্যবসাটা আমার আমলে আমি তাকে দিয়েছিলাম এবং তাকে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। তারই বেইমানির কারণে এই পদ্মা সেতুর টাকা বিশ্বব্যাংক বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক যখন একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছিল তখন সেই গ্রামীণ ব্যাংক চালু রাখার জন্য ৯৮ সালে তার সরকার ৩ ধাপে ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংকটা চালু রাখার সুযোগ করে দেয়। অথচ সে সময় দেশে ভয়াবহ বন্যা হয়েছিল এবং রিজার্ভের অবস্থাও ভালো ছিল না।

সরকারপ্রধান বলেন, ‘গ্রামীণ ফোনের ব্যবসা দিই এ কারণে যে, ফোনের লভ্যাংশ গ্রামীণ ব্যাংকে যাবে; যা কখনো হয়নি।

তিনি বলেন, ‘ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ওই এমডির পদটা ছাড়বেন না। যদিও আইনে আছে ৬০ বছর। তার তখন ৭০ বছর পার হয়ে যায়। ১০ বছর তিনি বেআইনিভাবে এমডি থেকেছেন এবং এর পরও তিনি এ পদে আরও থাকতে চেয়েছেন। তাকে আমাদের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি উপদেষ্টা থাকেন আপনাকে সেই সম্মান দিয়ে রাখা হবে। সেটাও তিনি মানেননি। সরকারের বিরুদ্ধে মামলাও করেছিলেন। আর মামলায় যথাযথভাবে হেরেও গিয়েছিলেন। তিনিই তদবির করে হিলারি ক্লিনটন (তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) তার বন্ধু ছিল বলে তাকে দিয়ে আমেরিকান সরকারকে ধরে ওয়ার্ল্ড ব্যাংককে দিয়ে এই পদ্মার সেতুর টাকা বন্ধ করে দেয় এবং আমাদের বিরুদ্ধে মামলা দেয় কানাডা কোর্টে।’

ক্লিনটন ফাউন্ডেশনে লাখ লাখ ডলার অনুদান দিয়ে তাদের তুষ্ট করার প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, দেশে ৫২-৫৩টি ব্যাংক এবং সবগুলো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রয়েছেন। কজন এমডি লাখ লাখ ডলার অনুদান দিয়েছেন এবং ইউনূসের মতো ঘন ঘন বিদেশ সফর করেছেন।

সে সময় বিশ্বব্যাংককে দুর্নীতির প্রমাণ দিতে হবে বলে চ্যালেঞ্জ দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রমাণ দিতে পারেনি। তখন আমি বলেছিলাম টাকা লাগবে না। আমরা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব।’

শেখ হাসিনা বলেন, বাপার্ডের পাশাপাশি পল্লী জনপদ প্রকল্প, যা সমবায়ের ভিত্তিতে গঠিত, তার মস্তিষ্ক প্রসূত হলেও এটি জাতির পিতার ‘বাধ্যতামূলক গ্রাম সমবায় নীতি’র পদাঙ্ক অনুসরণ করেই করা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সব মহকুমাকে জেলায় রূপান্তরিত করেন এবং জেলাগুলোর সার্বিক উন্নয়ন-সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য জেলা গভর্নর নিয়োগ দিয়েছিলেন। যেখানে কেন্দ্রীয় সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে এবং এভাবে ক্ষমতা তৃণমূলের মানুষের কাছে বিকেন্দ্রীকরণ করা হবে।’

‘বাংলাদেশ-জাপানের সমন্বিত অংশীদারত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে’ : প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘জাপান-বাংলাদেশ-সমন্বিত অংশীদারত্ব’ সূচনা করা হয়েছে।

বাংলাদেশ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মধ্যে সহযোগিতার ৫০ বছর উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রচারিত ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করতে আমরা ‘জাপান-বাংলাদেশ সমন্বিত অংশীদারত্ব’ সূচনা করেছি। আমাদের সমন্বিত অংশীদারত্ব অদূর ভবিষ্যতে একটি কৌশলগত অংশীদারত্বে উন্নীত হতে চলেছে।’

তিনি স্মরণ করেন যে, মুক্তিযুদ্ধের সময় জাপান ও এর জনগণের অমূল্য সমর্থন ও অবদানের জন্য বাংলাদেশ গভীরভাবে কৃতজ্ঞ। শেখ হাসিনা তার বিশ্বাস ব্যক্ত করেন যে আন্তরিকতা, বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্কের মূল মূল্যবোধ।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ও জাপান সেই মূল্যবোধ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলেছে।

তিনি স্মরণ করেন যে, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তার প্রথম টোকিও সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি স্থাপন করেন।

প্রধানমন্ত্রী ১৯৯২, ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফরের পাশাপাশি দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে ২০১৪ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।

বাংলাদেশের উন্নয়নে জাইকার অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাপানকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং একক বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭১-৭২ অর্থবছরে ১০ দশমিক ৬ মিলিয়ন ডলারের পণ্য অনুদান সহায়তা থেকে শুরু করে বাংলাদেশে জাইকার আর্থিক সহায়তার পরিমাণ এখন ২৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জাইকার সহায়তায় মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু, ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্ক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে জাতির পিতার স্বপ্ন পূরণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে এটি ২০২৬ সালে একটি উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পেয়েছে।’

বাংলাদেশ-জাইকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনা জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে তার আন্তরিক শুভেচ্ছা জানান এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত