রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি যুবক নিহত

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:১২ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট ও ক্যাম্প-৬-এর মধ্যবর্তী পিঠখোলা বাজারের কাছে মাস্টার মুন্না গ্রুপ ও সোনা মিয়া গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. নাইমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. সলিম উল্লাহ (৩০) লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২-এর ওয়েস্ট ব্লক-সি/২-এর বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাস্টার মুন্না গ্রুপ ও সোনা মিয়া গ্রুপের মধ্যে বুধবার গভীর রাতে বন্দুকযুদ্ধ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে রোহিঙ্গা যুবক সলিম উল্লাহ গুলিবিদ্ধ হন। পরে শিবিরের অন্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সলিম উল্লাহ মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক। পরে ভোরে রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত