মাত্র এক বছরেই শেষ হচ্ছে মাউরিসিও পচেত্তিনোর প্যারিস জীবন। পিএসজি ছাড়ছেন আর্জেন্টাইন কোচ। তার পরিবর্তে কে আসছেন মেসি-নেইমার-এমবাপ্পেদের দায়িত্ব নিতে?
শুরুতে থেকে শোনা যাচ্ছে তিন নাম— জিনেদিন জিদান, হোসে মরিনহো ও ক্রিস্টোফার গালতিয়ের। তার মধ্যে ‘অবসর’ সময় কাটাচ্ছেন কেবল প্রথম জন। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আর কোথাও যাননি ফরাসি কিংবদন্তি।
সান্তিয়াগো বার্নাব্যুর আরেক সাবেক কোচ মরিনহো এখন রোমে। প্রথম মৌসুমেই তিনি রোমাকে এনে দিয়েছেন ইউরোপা কনফারেন্স লিগ। গালতিয়েরও আছেন দায়িত্বে। ফরাসি ক্লাব নিসের প্রধান কোচ তিনি। তবে অন্য দুজনের চেয়ে ৫৫ বছর বয়সী ফরাসি কোচকে পচেত্তিনোর জায়গায় বিবেচনা করছে পিএসজি।
খেলোয়াড়ি জীবন থেকে কোচিং ক্যারিয়ার— পুরোটা সময় গালতিয়ের কাটিয়েছেন ফরাসি ফুটবলে। গত বছর নিসের দায়িত্ব নেওয়ার আগে সেঁত-এতিয়েঁন ও লিলের কোচ ছিলেন তিনি। তার চেয়ে বেশি ফরাসি ফুটবলের বিষয়াদি কে আর এত ভালো বুঝবেন? তবে পিএসজির স্বপ্ন এখন কেবল লিগ ওয়ান নয়, চ্যাম্পিয়নস লিগ জয়।
গোল ডটকম জানিয়েছে, পার্ক দে প্রিন্সেসে পেতে ইতোমধ্যে গালতিয়েরের সঙ্গে বৈঠকও করেছে ফরাসি জায়ান্টরা। অবশ্য চুক্তির ব্যাপারে দুই পক্ষ এখনো এখনো এগোয়নি।
এদিকে ফুটবলভিত্তিক ওয়েবসাইটটি প্রতিবেদনে আরও জানিয়েছে, জিদানের আশাও ছাড়েনি পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেদের সামলানোর যোগ্য লোক হিসেবে জিজুকে মনে করছে তারা। তবে শেষ পর্যন্ত বার্নাব্যুর সাবেক কোচ কি প্যারিসে ফিরবেন? আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়। বড় বড় খেলোয়াড়দের সামলানো নতুন নয় জিদানের জন্য। সে জায়গায় বেশ পিছিয়ে গালতিয়ের।
