মালদ্বীপে পশ্চিম এশিয়া যুব দাবা প্রতিযোগিতার র্যাপিড ইভেন্টের অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে সোনা জিতেছে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু।
মোট ৭ খেলায় খুশবু পেয়েছে সাড়ে ৫ পয়েন্ট। ৫টি ম্যাচ জিতেছে, ১টি ড্র ও ১ হার। প্রথম রাউন্ডে ড্র করার পর টানা চার ম্যাচ জেতে খুশবু। ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয় জেগেছিল। কিন্তু সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে স্বর্ণ জেতেন রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী খুশবু। এই বিভাগে দ্বিতীয় কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার। তৃতীয় হন ভারতের হানিয়া শাহ।
ঘরোয়া দাবায় জুনিয়র বিভাগে পরিচিত মুখ খুশবু। এর আগে একই টুর্নামেন্টে সোনা জেতে উজবেকিস্তানে। এছাড়া এশিয়ান অনলাইন দাবায় অনূর্ধ্ব-৯ বিভাগে চ্যাম্পিয়ন খুশবু। থাইল্যান্ডে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপা জিতেছে। জাতীয় জুনিয়র ও সাবা জুনিয়র দাবায় মেয়েদের অনূর্ধ্ব-৮ বিভাগেও চ্যাম্পিয়ন।
খুশবু টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড ও ব্লিৎজ বিভাগেও খেলবে। বাংলাদেশ থেকে খুদে দাবাড়–দের বিশাল দল গেছে মালদ্বীপে খেলতে। খুশবু ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে মনন রেজা, সাকের উল্লাহ, সাজেদুল হক, সৈয়দ রিদওয়ান, সাকলাইন মোস্তফা সাজিদ, আইয়ান রহমান, রাইয়ান রশীদ, সাফায়েত কিবরিয়া, ইশরাত জাহান দিবা, জান্নাতুল ফেরদৌস, কাজী জারিন তাসনিম, নোশিন আনজুম।
