এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আপডেট : ১৮ জুন ২০২২, ০৫:০৯ এএম

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চোধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকসহ সকল বোর্ডের চেয়ারম্যানবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত ছিলেন।

সভা শেষে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। এরপর বিভিন্ন শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দেশ রূপান্তরকে বলেন, শুধু ১৯ তারিখের পরীক্ষা নয়, এসএসসি ও সমমান পরীক্ষার পুরো রুটিনের পরীক্ষাই আপাতত স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সময়ে নতুন পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।’

আগামী ১৯ জুন হতে শুরু হতে যাওয়া এসএসসির লিখিত পরীক্ষা আগামী ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এরপর ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।

এদিকে শুধু সিলেট অঞ্চলের বন্যায় তলিয়ে যাওয়া প্রাথমিক ও মাধ্যমিকের ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত