সবচেয়ে বেশি পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। তবে সবশেষ সাফল্যটা ২০ বছর আগের। আসছে কাতার বিশ্বকাপে এই দুই দশকের অবসান হবে বলে বিশ্বাস ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডিফেন্ডার রবার্তো কার্লোসের। তার মতে, এবারই বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ব্রাজিলের সামনে।
২০০২ এ প্রথমবারের মতো এশিয়ায় হয়েছিল বিশ্বকাপ। আয়োজক ছিল দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান। এবারের বিশ্বকাপও হবে কাতারে অর্থাৎ এশিয়ায়। কাতার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা ব্রাজিল নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অপরাজিত এবং শীর্ষে থেকে। কোচ তিতের অধীনে সব বিভাগেই শক্তিশালী ব্রাজিল। কার্লোস বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিলের একটি দুর্দান্ত দল আছে। এটাই (বিশ্বকাপ) জয়ের সময়, কারণ আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সবশেষ ছবিটি ২০০২ সালের। আমি খুব আশাবাদী। বিশ্বকাপ জেতা সহজ নয়। ব্রাজিলের বর্তমান দলটা যথারীতি। তারা দুর্দান্ত খেলা খেলেছে, তবে অতটা ভালো করতে পারছে না।’
কাতার বিশ্বকাপে ব্রাজিল ছাড়াও ফেভারিটদের তালিকায় আছে আর্জেন্টিনা। এছাড়া ইউরোপের শীর্ষ দলগুলোও আছে এই তালিকায়। তবে কার্লোস মনে করেন নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে শিরোপা জিতবে ব্রাজিলই। ‘অন্তত ইউরোপের সংবাদমাধ্যম ব্রাজিলকে ফেভারিটদের একটি হিসেবে দেখছে। এটি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সম্প্রতি (স্পেন কোচ) লুইস এনরিকেও মন্তব্য করেছেন। অন্য কোনো জাতীয় দলের কোচকে জিজ্ঞাসা করলে তারাও বলবে, ব্রাজিল এই বিশ্বকাপের চার ফেভারিটের মধ্যে একটি দল। সঠিক প্রস্তুতি নিলে ব্রাজিল আবার বিশ্বকাপ জিতবে।’
