ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ই-ক্যাব) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অগ্রগামী প্যানেল। ক্ষমতাসীন প্যানেলের ৯ জনের মধ্যে ৮ জনই ভোটে জয় পেয়েছেন। অন্যদিকে দ্য চেঞ্জ মেকারস প্যানেল থেকে একজন জয় পেয়েছেন। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনটি প্যানেলের ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনটির ৭৯৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬১১ জন।
নির্বাচনে সর্বোচ্চ ৪৫৩ ভোট পেয়েছেন ফুডপান্ডার সিইও সৈয়দা আম্বারীন রেজা। এ ছাড়া কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ পেয়েছেন ৩৮৬ ভোট, ধানসিঁড়ি ডিজিটালের শমী কায়সার ৩৬৫ ভোট, ব্রেকবাইটের আসিফ আহনাফ ৩৩২ ভোট, পেপারফ্লাইয়ের শাহরিয়ার হাসান ৩০৮ ভোট, রেভারি করপোরেশনের নাসিমা আক্তার নিশা ৩০৭ ভোট, ডায়াবেটিস স্টোরের মোহাম্মাদ সাহাব উদ্দিন ২৮৭ ভোট, ডিজিটাল হাব সলিউশনসের মো. সাইদুর রহমান ২৭৩ ভোট এবং সেবা ডট এক্সওয়াইজেডের ইলমুল হক পেয়েছেন ২৭০ ভোট।
