চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ

দগ্ধদের ৬ জন পেলেন হাসপাতালের ছাড়পত্র

আপডেট : ১৯ জুন ২০২২, ০২:৪৮ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়। বিস্ফোরণের পর থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট ২২ জন চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। এখনো চিকিৎসাধীন আছেন ১৫ জন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দেশ রূপান্তরকে জানান, এই ৬ জনের অবস্থার উন্নতি হয়েছে। তারা বর্তমানে ভালো আছে। সার্বিক পর্যবেক্ষণ করে তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক আজকে দুপুরে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সামন্ত লাল আরও জানান, পরবর্তী চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট ও চক্ষু বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে তাদের। সীতাকুণ্ডের ঘটনায় আরও ১৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও উন্নতির দিকে।

ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা হলেন মো. ফারুক (৪৭), ফারুক হোসেন (১৬), মঈনউদ্দিন (৩২), মাগফারুল ইসলাম (৬৫), মাসুম মিয়া (৩২) ও ফরমানুল ইসলাম (৩০)।

মাগফারুল ইসলামের ছোট ভাই আসাদুল হক জানান, ডিপোর সিকিউরিটি ইনচার্জ মাগফারুলের পশ্চাদাংশে পুড়ে গিয়েছিল। ঘটনার পরদিনই তাকে ঢাকায় আনার পর ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়। চার দিন আইসিইউতে থাকার পর তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।  মো. ফারুকের ছেলে মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, ‘হাসপাতাল থেকে আজকে আমাদের ছুটি দিচ্ছে। এখান থেকে নারায়ণগঞ্জের খানপুরে বাড়িতে যাব। পরবর্তী চিকিৎসার জন্য আবার হাসপাতালে আসতে বলা হয়েছে।’ চিকিৎসক নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত