বলিউডে প্রথম ‘ডন’ হলেন অমিতাভ বচ্চন। তার ১৯৭৮ সালের বিখ্যাত ছবির রিমেকে পা গলিয়ে নতুন ‘ডন’ খেতাব পান শাহরুখ খান। সেই ছবির সিক্যুয়েলও দারুণ ঝড় তোলে। শোনা যাচ্ছে, ‘ডন থ্রি’ ছবিতে দুই তারকা পর্দা ভাগাভাগি করবেন।
শাহেনশাহ ও কিং খান মিলে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। তবে এবারের উন্মাদনা একটু আলাদা, যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো।
মূলত শনিবার রাতে বিগ বি-র পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। কেউ কেউ একে একে দুই করে ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি আদতে ‘ডন থ্রি’। এ বিষয়ে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও কথা বলেছেন এ পরিচালক।
শনিবার নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অমিতাভ। তাতে দেখা যাচ্ছে, ১৯৭৮ সালের আইকনিক ‘ডন’ সিনেমার পোস্টারে সই করছেন তিনি। পাশে বসে তার দিকে তাকিয়ে আছেন আরেক ‘ডন’ শাহরুখ। ছবির ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘একই শিরায় অবিরত প্রবাহমান... ডন।’
এই পোস্ট থেকেই গুঞ্জন ছড়িয়েছে ‘ডন থ্রি’ নিয়ে। নেটাগরিকদের অনেকে মনে করছেন, ‘ডন’ এর পরবর্তী সিক্যুয়েলে একসঙ্গে দেখা যাবে অমিতাভ-শাহরুখকে। প্রশ্ন উঠেছে, দুজনই কি ডন চরিত্রে অভিনয় করবেন?
আরও একটা গুঞ্জন হলো, শাহরুখ অভিনীত ‘ডন’-এর পরিচালক ফারহান আখতারকে নিয়ে। এখন ‘জি লে জারা’ সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক। ওই ছবিতে রয়েছেন শাহরুখের ‘ডন’-এর নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়াও আছেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। অনেকে মনে করছেন, এই কাজের পরে ‘ডন থ্রি’-র কাজ শুরু হবে। যদিও এ নিয়ে অমিতাভ, শাহরুখ বা ফারহান কেউই কোনো মন্তব্য করেননি।
শাহরুখ অভিনীত ও ফারহান পরিচালিত ‘ডন’ সিরিজের দুই ছবি মুক্তি পায় যথাক্রমে ২০০৫ ও ২০১১ সালে।
