মেঘনায় ঘর বিলীন, দুই শ্রমিক নিখোঁজ

আপডেট : ১৯ জুন ২০২২, ১১:৫৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরব বাজার নদীবন্দর এলাকায় একটি রাইস মিলের শ্রমিকদের থাকার ঘর মেঘনা নদীতে বিলীন হয়েছে। এতে শরীফ ও মোস্তাক নামের দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, ভৈরবের উত্তরে বন্যার কারণে কয়েক দিন ধরে মেঘনা বেশ উত্তাল। প্রতিদিনই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নদীতীরবর্তী নিম্নাঞ্চল। গতকাল সকাল ৮টার দিকে ভৈরব বাজার নদীবন্দর সংলগ্ন নদীতীরবর্তী রাইস মিলটির দক্ষিণ-পূর্ব কোণে ভাঙন দেখা দিলে শ্রমিকরা তাদের ঘরের মালামাল সরানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি ঘর শরীফ ও মোস্তাককে নিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

রাইস মিলের শ্রমিক সরদার নূরুল আমিন ও নিখোঁজ মোস্তাকের ভাই মোজাম্মেল অভিযোগ করে বলেন, কিছুদিন আগে বিআইডব্লিউটিএ রাইস মিলসংলগ্ন এলাকায় পলি অপসারণের কাজ করে। ওই সময় তারা রাইস মিলের লাগোয়া স্থানে খননকাজ না করার অনুরোধ করলেও শোনেনি কর্তৃপক্ষ। তাদের দাবি, এই খননের কারণেই আজকের ভাঙনের সৃষ্টি হয়েছে।

ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ। তিনি গণমাধ্যকর্মীদের জানান, সিলেট-সুনামগঞ্জের বন্যার পানি মেঘনা দিয়ে নামছে। তাই কদিন ধরে মেঘনা উত্তাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত