যাদের জন্য ছবি, তারাই এখন বিপদে

আপডেট : ২০ জুন ২০২২, ১২:০২ এএম

জনপ্রিয় চিত্রনায়ক নীরব হোসেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘অমানুষ’। এই ছবির লভ্যাংশ দিয়ে তারা দাঁড়াচ্ছেন বন্যার্ত মানুষের পাশে। এই নায়কের সঙ্গে কথা বলেছেন রণ

বন্যার্ত মানুষের পাশে ...

সিলেট অঞ্চলের অনেক মানুষ এখন মহাবিপদের মধ্যে আছেন। প্রাকৃতিক দুর্যোগের কথা তো আগেভাগে বলা যায় না। আমরাও জানতাম না দেশের এমন পরিস্থিতি হবে। তাই গত শুক্রবার দেশের ৪১ হলে মুক্তি দিয়েছি আমার বহুল প্রতীক্ষিত ছবি ‘অমানুষ’। তবে যেদিনই আমরা বন্যার ভয়াবহতার কথা শুনেছি সেদিনই পরিচালক-প্রযোজক সিদ্ধান্ত নেন প্রথম সপ্তাহে ‘অমানুষ’-এর যত টিকিট বিক্রি হবে তার সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে। সিনেমা মুক্তির আগেই টিভি ও ওটিটি দিয়ে ‘অমানুষ’ সিনেমার টাকা উঠে গেছে। সিনেমা হলের টিকিটের টাকাটা ছিল প্রযোজকের লাভের অংশ। তাই সবাই মিলে চিন্তা করলাম প্রথম সপ্তাহের টিকিটের টাকাটা আমরা সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে দেব। আসলে আমরা তো দেশের সাধারণ মানুষের জন্য ছবি বানাই। কিন্তু এখন সেই দর্শকরাই ভালো নেই। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা নিজ থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারছেন না তারা সিনেমা দেখে বিনোদন নেওয়ার পাশাপাশি মহৎ কাজের অংশ হতে পারেন।

সাড়ায় মুগ্ধ ...

সারা দেশে বৃষ্টি-বাদল, প্রতিকূল আবহাওয়া, বন্যার উৎকণ্ঠা, দ্রব্য মূল্য বৃদ্ধি-এত সবের মধ্যেও আমাদের সিনেমা নিয়ে দর্শকের যতটুকু আগ্রহ দেখেছি তাতে আমি শিল্পী হিসেবে মুগ্ধ। দর্শক সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহগুলোতে ভিড় করেছেন। এর চেয়ে আর কী লাগে? শুধু সাধারণ দর্শকই নয়, অনেক সমালোচকও ছবিটির প্রশংসা করছেন। দুটো ডাকাত দলের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এখানে সবাই অমানুষ। মনুষ্যত্বের জায়গাটা কম। বাস্তবেও আমাদের ভেতরেই অমানুষ বাস করে। একটি মানুষ কেন মনুষ্যত্ব হারাচ্ছে এটি নিয়েই ছবির গল্প। এ ধরনের গল্প নিয়ে আমাদের দেশে আগে কোনো সিনেমা নির্মিত হয়নি। তাই দর্শক নতুনত্ব পেয়েছেন। আমাদের প্রত্যেকের লুকও দর্শকের খুব পছন্দ হয়েছে।

প্রস্তুতি ...

অমানুষের এই ডাকাত চরিত্রটি ফুটিয়ে তুলতে অমানুষিক পরিশ্রম করতে হয়েছে আমাকে। ছবিটি দেখলে বুঝতে পারবেন কতটা পরিশ্রম করেছি আমরা। তখন আমার বড় বড় চুল ছিল সেই চুল বিসর্জন দিতে হয়েছে। ডাকাত হওয়ার জন্য প্রতিদিন ৫ ঘণ্টা করে মেকআপ নিতে হয়েছে। জঙ্গলে ডাকাত যে পরিবেশের ভেতর থাকে তার  চেহারায় পুড়ে যাওয়া রং দেখা যায়। আমার চেহারায়  সেই ছাপ আনতে হয়েছে। আরও অনেক অভিজ্ঞতা।  মোট কথা ছবিটির অমানুষ চরিত্রটি হতে অমানুষিক পরিশ্রম করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত