মোদির মায়ের জন্মদিনে ১০০ গোলাপ উপহার

আপডেট : ২০ জুন ২০২২, ০১:৫৭ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি শতবর্ষে পা রেখেছেন। দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হীরাবেন দেবীর জন্য একশ গোলাপ জন্মদিনের শুভেচ্ছা হিসেবে পাঠিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

গত শনিবার ভারতের সঙ্গে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে দিল্লিতে যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। দিল্লিতে নেমেই তিনি হীরাবেন মোদির জন্য একশ গোলাপের পুষ্পস্তবক পাঠানোর উদ্যোগ নেন। জানা গেছে, গত শনিবার জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে গুজরাটের প্রশাসনিক রাজধানী গান্ধীনগরে যান নরেন্দ্র মোদি। এ সময়ে প্রধানমন্ত্রী তার মায়ের পা ধুয়ে দেন।

জন্মদিনে আশীর্বাদ নেওয়ার পর মাকে নিয়ে টুইটারে একটি পোস্ট দেন মোদি। সেখানে তিনি লিখেছেন, “মা নিছক একটি শব্দ নয়। মা শব্দের সঙ্গে আবেগ জড়িত। আজ ১৮ জুন আমার মা হীরাবেন ১০০ বছরে পা রেখেছেন। এই বিশেষ দিনে আমি মায়ের প্রতি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার মা হীরাবেন শতবর্ষে পদার্পণ করেছেন। আজ, আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার বাবা বেঁচে থাকলে তিনিও গত সপ্তাহে তার শততম জন্মদিন উদযাপন করতেন। ২০২২ একটি বিশেষ বছর। কারণ, আমার মায়ের শতবর্ষী বছর শুরু হচ্ছে এবং আমার প্রয়াত বাবা তার শতবর্ষ পূর্ণ করবেন।” ১৯২৩ সালের ১৮ জুন হীরাবেন মোদি জন্মগ্রহণ করেন।

এর আগের দিন (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য বাংলাদেশের আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত