সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

আপডেট : ২১ জুন ২০২২, ০১:০৮ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ‘এন’ সেটেলমেন্ট ক্যাটাগরির অধীনে সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন গতকাল সোমবার শুরু হয়েছে। ডিএসই পুঁজিবাজারের জন্য সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো ‘ঈইখচইঙঘউ’ এবং স্ক্রিপ কোড হলো ২৬০১১। পারপেচুয়াল বন্ড একটি হাইব্রিড সিকিউরিটি, যার কোনো মেয়াদ নেই, যার দায় এবং ইক্যুইটি উভয় বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের বন্ড খালাসযোগ্য নয়; বরং এই বন্ড সুদ প্রদানের এক অন্তহীন ধারা বহন করে।

তালিকাভুক্ত বেসরকারি সিটি ব্যাংক ২০১৯ সালে এই বন্ড ইস্যুর প্রক্রিয়া শুরু করে। দেশে এর আগে পারপেচুয়াল বন্ড কেউই ইস্যু করেনি। ২০২০ সালের ১৯ আগস্ট এবং ৯ ডিসেম্বর যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন পায় সিটি ব্যাংক। ব্যাংকটি ২০২১ সালের ৭ মার্চ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি টাকার সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন করে। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এ বন্ডের ট্রাস্টি এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড বন্ডটির আয়োজক।

এসইসি ২০২২ সালের ২৩ মার্চ সংশোধনীর মাধ্যমে বন্ডটিকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়। বন্ডটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, সম্পূর্ণ পেইড-আপ, নন-কিউমুলেটিভ এবং বাসেল-৩ অধিভুক্ত। বন্ডের কুপন রেঞ্জ ৬ থেকে ১০ শতাংশ এবং কুপন মার্জিন ২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত