ঘোরলাগা অনুভূতি কাজ করছে

আপডেট : ২২ জুন ২০২২, ১২:৪৫ এএম

২০ জুন মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মা হওয়ার অনুভূতি ও কাজ নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

মা হওয়ার অনুভূতি...

ঘোরলাগা অনুভূতি কাজ করছে। ৯ মাস পেটের ভেতর ভ্রƒণটাকে বড় করেছি। তাকে যখন প্রথম কোলে নিলাম তখন বিশ্বাসই হচ্ছিল না যে, সে আমারই শরীরের অংশ।

সুরের তালে নাম...

আমার মেয়ের নাম রেখেছি হারমনি সৈয়দা গীতলীনা। এই নাম রেখেছি কারণ সে সুরে সুরে বিলীন হোক এই কামনা থেকে। গীতবিতান ব্যাপারটায় অনুপ্রাণিত হয়ে নামটা রেখেছি। রেজা আর আমি দুজনই যেহেতু গানের মানুষ। তাই নামটাও রেখেছি গানের সঙ্গে সামঞ্জস্য রেখে।

অন্যরকম আনন্দ...

গত রাত থেকে এত বেশি অভিনন্দন শুভকামনা পাচ্ছি যে বলে শেষ করতে পারব না। নিকটজনেরা, সহকর্মীরা যেভাবে শুভেচ্ছা জানাচ্ছে তাতে আমি আপ্লুত। কাছের মানুষদের মূল্যায়নটা বা যত্নটা কিন্তু খুব মনে থাকে আবার অবহেলাটাও মনে থাকে। যার ফলে যারা সঙ্গে ছিলেন পুরো যাত্রায়, তাদের প্রতি অন্যরকম অনুভূতি অনুভব করছি।

সন্তানের ভবিষ্যৎ নিয়ে...

আমরা যেহেতু গানের মানুষ। পারিবারিক আবহের মধ্যেই গানটা আছে, ফলে এমনিতেই হয়তো সে নিজেই গানে চলে আসবে। তারপরও অন্য যেকোনো মাধ্যমে সে যদি আগ্রহ বোধ করে সেটাও আমার আনন্দের হবে।

প্রত্যাশা...

জীবনে তার কাজের ভেতর দিয়ে নিজেকেও যেন প্রমাণ করতে পারে সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ হিসেবে, সেই প্রার্থনা আর আশীর্বাদ রাখবেন সবাই। আর সৃষ্টিকর্তা যেভাবে আমাকে আশীর্বাদপুষ্ট রেখেছেন আর করে চলেছেন সবকিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ব্যর্থ প্রয়াস আমার সব গান আর লেখালিখি।

স্টেজ...

আমি এই কয়েকটা মাস মঞ্চ থেকে দূরে ছিলাম যেহেতু, অবশ্যই মঞ্চকে মিস করছি। রেডিও টেলিভিশনেও পারফর্ম করিনি। তবে গান থেকে দূরে ছিলাম না, গানের সঙ্গেই ছিলাম। মঞ্চটা খুব দ্রুত আবার শুরু করতে চাই।

নতুন গান নিয়ে পরিকল্পনা...

এই ঘটনাটাকেই উদযাপন করার পরিকল্পনা করছি। মা হওয়ার পর গীতলীনার জন্য একটা গান উৎসর্গ করার ইচ্ছে আছে। সুস্থ হয়ে ফিরেই তাকে নিয়ে গানের কাজটা শুরু করব। আর এখন তো মঞ্চের কাজও ঢিলেঢালা চলছে, বৃষ্টি, বন্যার সময়। সব মিলিয়ে পরিস্থিতি আরেকটু ভালো হলে মঞ্চেও ফিরব। আশা করছি আবার মৌসুম শুরুর আগেই ফিটফাট হয়ে সব আগের মতোই শুরু করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত