রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে নিজের নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে দিয়েছেন এক রুশ সাংবাদিক। মূলত রাশিয়ার অভিযানের কারণে বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের সহায়তার জন্য নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক নিলামে বিক্রি করেছেন তিনি। রুশ ওই সাংবাদিকের নাম দিমিত্রি মুরাতভ। তিনি রুশ স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ইউক্রেনের যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তার জন্য নিজের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন দিমিত্রি মুরাতভ। ওই পুরো অর্থই তিনি ইউনিসেফকে দিয়েছেন ইউক্রেনকে সাহায্য করার জন্য। হেরিটেজ অকশানস আয়োজিত নিলামে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে দর ঘোষণার মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি কিনে নেন। ক্রেতা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য মুরাতভকে ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। সে বছর মুরাতভের সঙ্গে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসাও যৌথভাবে পুরস্কারটি পেয়েছিলেন। মূলত ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য’ তাদের পুরস্কার দিয়েছিল নোবেল কমিটি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৩ সালে অন্য আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেছিলেন দিমিত্রি মুরাতভ। তবে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর চলতি বছরের মার্চ মাসে এই পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
