ড. কামালদের কর নিয়ে রিট

আপিল আদেশে স্থিতাবস্থা ও রুল হাইকোর্টের

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৫৬ এএম

ড. কামাল অ্যান্ড অ্যাসোসিয়েটসের আয়কর নিয়ে কর আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর তিন মাসের স্থিতাবস্থা দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে আপিল আবেদনটি খারিজ করে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

গতকাল আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, রমজান আলী শিকদার। সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।

আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, হাইকোর্ট ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছে।

আইনজীবী সূত্রে জানা গেছে, বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন পরিচালিত আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা আয়কর রিটার্ন দাখিল করে। কিন্তু ওই অর্থবছরে প্রতিষ্ঠানটির নামে  ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা আয়কর এবং আরও ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা সুদ দাবি করে এনবিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত