মুনাফার ১৭৪ কোটি টাকা জমা দিয়েছে বেক্সিমকো সুকুক

আপডেট : ২৪ জুন ২০২২, ১২:৫৭ এএম

সহযোগী দুই প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থানে গ্রিন সুকুকের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড। অর্থ সংগ্রহের ছয় মাস পর সুকুকহোল্ডারদের মুনাফা দিতে বন্ডটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছে ১৭৪ কোটি টাকার মুনাফা হস্তান্তর করেছে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড। গত বছর ২৩ ডিসেম্বর থেকে চলতি ২২ জুন পর্যন্ত ছয় মাসের ব্যবসা থেকে এ মুনাফা দিয়েছে বন্ডটি।

২০২১ সালের ২৩ ডিসেম্বর বন্ডটির চাঁদাগ্রহণ সম্পন্ন হয়, যার মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে বেক্সিমকো। বেক্সিমকো সুকুক আল ইস্তিসনা নামের গ্রিন সুকুকটির মুনাফার ভিত্তি হচ্ছে ন্যূনতম ৯ শতাংশ বা সর্বশেষ বছরে প্রদত্ত লভ্যাংশের সঙ্গে মুনাফার পার্থক্যের ১০ শতাংশ বেশি। ৯ শতাংশের সঙ্গে আরও ২ দশমিক ৬ শতাংশ যোগ করে মোট ১১ দশমিক ৬ শতাংশ হারে সুকুকহোল্ডারদের মুনাফা দিয়েছে বেক্সিমকো সুকুকটি। এ বিবেচনায় ছয় মাসের মুনাফা হিসেবে ৫ দশমিক ৮ শতাংশ হারে মুনাফা পেয়েছেন সুকুকধারীরা। গত ২২ জুন বন্ডটির ট্রাস্টি আইসিবির কাছে মুনাফার এ অর্থ জমা দিয়েছে বেক্সিমকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত