‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ পদক পেলেন সীমা হামিদ

আপডেট : ২৪ জুন ২০২২, ০৯:৩৫ পিএম

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ।

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সীমা হামিদকে ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ এর পক্ষ থেকে এ পদক দেয়া হয়। সীমা হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্ত্রী।

প্রতি বছর ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ এর পক্ষ থেকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এগুলো হলো- গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, দা ইমার্জিন লিডার অ্যাওয়ার্ড ও গ্লোবাল ইয়ুথ এন্টারপ্রেনাশিপ অ্যাওয়ার্ড। এ বছর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডটি’ পেয়েছেন সীমা হামিদ।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন এবং তারুণ্য নির্ভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সীমা হামিদকে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছে।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সীমা হামিদ বলেন, বাংলাদেশের তরুণদের সৃজনশীল-সংস্কৃতিমনা ও উদ্যোক্তা করার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। তরুণ ও তৃণমূল উদ্যোক্তাদের জন্য আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি তার বিস্তৃতি আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, বাংলা সংস্কৃতির বিকাশ, উদ্যোক্তা শ্রেণি তৈরি ও তরুণদের সংগঠিত করতে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন নিবিড়ভাবে কাজ করছে। হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করার জন্য আমাদের স্বপ্নকুটির নামে  একটি প্রকল্প রয়েছে। বাংলা সংস্কৃতি বহির্বিশ্বে  ছড়িয়ে দেয়ার জন্য ২৭টি দেশে আমরা কাজ করছি।

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী ড. কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আফিনিতা চাইচানা ও ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত