টানা তিন সেঞ্চুরিতে যত রেকর্ড মিচেলের

আপডেট : ২৫ জুন ২০২২, ০১:৩৫ পিএম

লর্ডস, নটিংহ্যামের পর লিডস— হাসি থেমে নেই ড্যারিল মিচেলের। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টানা তিন টেস্টে সেঞ্চুরি পেলেন ৩১ বছর অলরাউন্ডার।

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে এই মাইলফলকে প্রবেশ করেন তিনি। কিউইদের প্রথম ইনিংসের ৩২৯ রানের সংগ্রহে মিচেলের অবদান ২২৮ বলে ১০৯।

এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি মাইলফলকে পা রেখেছে তিনি। তিন ম্যাচ বা তার বেশি টেস্ট সিরিজে ৯ম ব্যাটার হিসেবে  প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি পেলেন মিচেল। এই অভিজাত ক্লাবে তিনি যোগ দিলেন কেন ব্যারিংটন, শোয়েব মোহাম্মদ, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, মোহাম্মদ ইউসূফ, রস টেলর, স্টিভ স্মিথ ও বিরাট কোহলিদের মতো ব্যাটারদের সঙ্গে।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মিচেল। ইংলিশদের বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ১২০.৫ গড়ে এক ফিফটি ও তিন সেঞ্চুরিতে করেছেন ৪৮২ রান। সর্বোচ্চ স্কোর ১৯০।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে কিউইরা। তবে মিচেলের সেঞ্চুরি ও টম ব্লান্ডেলের ফিফটিতে তিনশ’ পেরোনো সংগ্রহ পায় সফরকারীরা।

প্রথম ইনিংস শুরু করে বিদয়ে পড়ে ইংল্যান্ডও। ট্রেন্ট বোল্টের তোপে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল। তবে বিপদের মুখে ফের জনি বেয়ারস্টোর প্রতি আক্রমণে উল্টো চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ১২৬ বলে ১৩০ রান নিয়ে দিন শুরু করেছেন তিনি। ৮৯ রানে অপরাজিত আছেন জেমি ওভারটন। ইংলিশরা তৃতীয়দিন শেষ করেছে ৬ উইকেটে ২৬৪ রান নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত