পদ্মা সেতু: বেশি বাণিজ্য ও যোগাযোগের সুযোগ চান দোরাইস্বামী

আপডেট : ২৫ জুন ২০২২, ০৩:০৭ পিএম

পদ্মা সেতু বাংলাদেশ ও উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও ভ্রমণের সুযোগ হিসেবেও এই সেতুকে দেখতে চান তিনি।

শনিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দোরাইস্বামী।

তিনি বলেন, ‘ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের ভাই বোনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনায় জানাই।’

‘এই পদ্মা সেতুর ফলে স্পষ্টতই বাংলাদেশ এবং উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। আমরাও এটি দেখে খুব আনন্দিত।’

তিনি বলেন, বাংলাদেশ সরকার নানা ‘প্রতিকূলতার’ মধ্যেও এ প্রকল্পটি ‘সফলভাবে’ সম্পন্ন করেছে।

‘আমি এ অঞ্চলে আরও অনেক বেশি বাণিজ্য এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে সহজে যোগাযোগ ও ভ্রমণের সুযোগ দেখতে চাই’, বলেন দোরাইস্বামী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত