যোগাযোগব্যবস্থার অপ্রতুলতার কারণেই দেশের মানবসম্পদ উন্নয়নের যে ধারাবাহিকতা তা থেকে অনেকটাই পিছিয়ে ছিল দক্ষিণাঞ্চল। ফলে স্বাভাবিকভাবেই পদ্মা সেতু চালুর ফলে বড় পরিবর্তন আসবে শিক্ষায়। সহজ হবে উচ্চশিক্ষার পথ।
তবে সরকারি বা বেসরকারি উদ্যোগে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান না করে পরিকল্পনামাফিক অঞ্চলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় কলকারাখানা স্থাপনের প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে জমি কিনেছে একাধিক শিল্প গ্রুপ। এসব কলকারখানার জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি। যা দক্ষিণাঞ্চল থেকেই জোগান দিতে হবে। এজন্য কোন এলাকায় কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান হতে পারে তা নিরূপণ করে প্রয়োজনীয় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
দেশে ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু থাকলেও বৃহত্তর ফরিদপুর অর্থাৎ ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীতে মাত্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যা গোপালগঞ্জে অবস্থিত। তাই বৃহত্তর ফরিদপুরের শিক্ষার্থীদের বেশিরভাগই সাধারণত উচ্চশিক্ষার জন্য ঢাকামুখী হন। অনেক মেধাবী শিক্ষার্থী বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি হন। অনেক অভিভাবকই তাদের মেয়েদের পড়ালেখার জন্য ঢাকায়ও পাঠাতে চান না। এর অন্যতম কারণ যোগাযোগের সমস্যা। দূরত্ব খুব বেশি না হলেও ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে অনেক পরিবারই নিরাপদ বোধ করেন না। পদ্মা সেতু চালুর পর সেই সমস্যা পুরোপুরিই কেটে যাবে।
জানতে চাইলে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, ‘দক্ষিণবঙ্গ অবস্থানগত কারণেই ব্রিটিশ আমল থেকেই অবহেলিত। একটা অঞ্চলের উন্নয়ন যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে তা হচ্ছে অবকাঠামোগত সুবিধা। এ ক্ষেত্রে সমস্যায় ভুগছিল দক্ষিণাঞ্চলের জেলাগুলো। তাই পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের শিক্ষাব্যবস্থার জন্যও আশীর্বাদ হয়ে দাঁড়াবে।’
অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘সেতু হওযার পর দক্ষিণাঞ্চলে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। এখানে দক্ষ জনশক্তি লাগবে।
কৃষি প্রক্রিয়াজাত করার জন্যও দক্ষ জনশক্তি দরকার। এজন্য বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কারিগরি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজও হতে পারে।’
দক্ষিণাঞ্চলের অনেক জেলায়ই বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, ডিপ্লোমা প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি (আইটি) বিষয়ক প্রতিষ্ঠান থাকলেও যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে ঢাকা থেকে বিশেষজ্ঞরা যেতে চাইতেন না। এ অঞ্চলের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ পেয়েও শুধুমাত্র যোগাযোগব্যবস্থার কারণে মেধাবী ও দক্ষরা যেতে চাইতেন না। এমনকি শিক্ষাবিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করলেও তাতে ঢাকা থেকে শিক্ষাবিদরা যেতে আগ্রহী হন না। কিন্তু পদ্মা সেতু জ্ঞানের আদান-প্রদান অনেকটাই সহজ করে তুলবে।
এছাড়া ফরিদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস ইউনিভার্সিটি, চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থাকলেও মূলত শিক্ষক সংকটের কারণে তারা দাঁড়াতে পারছে না। আর এসব বিশ^বিদ্যালয়ে ঢাকা থেকে ভালো কোনো শিক্ষক যেতেও চান না। শুধুমাত্র শিক্ষকের অভাবের কারণেই দক্ষিণাঞ্চলে ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলও স্থাপিত হচ্ছে না। পদ্মা সেতু এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি প্রথমে বলব, এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ হবে। ভালো বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ক্ষেত্রে যাতায়াত একটা বড় সমস্যা ছিল। আর ছাত্রীরা এক্ষেত্রে বেশি সমস্যায় পড়ত। পদ্মা সেতু হওয়ায় সেই বাধা দূর হয়ে গেল।’ তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে ঢাকায় ফ্রেশ খাদ্য সামগ্রী আসবে, কিছুটা সস্তায়ও পাওয়া যেতে পারে। শিক্ষার্থীরা যেহেতু হল বা মেসে থাকে তারা এর সুফল পাবে।’
অধ্যাপক ছিদ্দিকুর রহমান আরও বলেন, ‘শুধু ঢাকাকেন্দ্রিক না করে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান জেলা শহরে ছড়িয়ে দিতে হবে। আর সবাইকে যে উচ্চশিক্ষায় আসতে হবে সেটাও আমি মনে করি না। গ্রামেগঞ্জে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ফলে পদ্মা সেতুর জন্য দক্ষিণাঞ্চলে যে শিল্পায়ন হবে তাতে সহজেই দক্ষ জনশক্তি পাওয়া যাবে। এছাড়া দক্ষিণাঞ্চলের অনেক লোক বিদেশে থাকে। তাদেরও দক্ষ করে গড়ে তুলতে পারলে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।’
জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ প্রাকৃতিকভাবেই শিক্ষা, সংস্কৃতিতে এগিয়ে ছিল। সেটা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে মানবসম্পদ উন্নয়নে যে ধারাবাহিকতা তাতে পিছিয়ে ছিল তারা। এর অন্যতম কারণ যোগাযোগব্যবস্থার অপ্রতুলতা। পদ্মা সেতুর ফলে অন্যান্য খাতের সঙ্গে শিক্ষায়ও পরিবর্তন আসবে। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক বিনিময় বাড়বে। এ খাতে ব্যক্তি উদ্যোগ বাড়বে।’
কাজী ফারুক আহমেদ পরামর্শ দিয়ে বলেন, ‘দক্ষিণাঞ্চলে কোন এলাকায় কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন তা বিবেচনায় এনে সে ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। খুলনা অঞ্চলে ফরেস্ট্রি বিষয়ক বা নৌ-বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে। ফরিদপুর অঞ্চলে
কৃষি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে। তবে শুধু সরকার নয় এক্ষেত্রে ব্যক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকার এতে সমন্বয় করবে।’
