পদ্মা সেতু উদ্বোধনের দিনকে মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পর আবার সবচেয়ে আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আজকের দিনটি সব বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের পর মানুষের মধ্যে যে আনন্দ-উল্লাস ছিল, দীর্ঘ ৫০ বছরের পথচলায় বাঙালি যেন আজ আবার সেই একই রকম আনন্দ-উল্লাস করছে।’ গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. হাছান বলেন, ‘ছোটবেলায় ১০-১১ বছর বয়সে যখন মাঠের কোণে দাঁড়িয়ে বা বাড়ির ছাদ থেকে ঈদের চাঁদ দেখতাম, তখন যে আনন্দ হতো, আজকের আনন্দ ঠিক সে রকম। দেশের সব মানুষ আজ খুশি। যদি সুযোগ থাকত, দেশের সব মানুষ এখানে এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতো।’
বাঙালিকে হার না মানা জাতি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে হার মানি না, সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুকন্যাও দেখিয়ে দিয়েছেন যে তার নেতৃত্বে বাঙালি মাথা নত করে না। সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বাঙালি মাথা উঁচু করেই চলতে পারে। সমস্ত প্রতিকূলতা জয় করে লক্ষ্যে পৌঁছাতে পারে।’
