মেটাভার্স অ্যাভাটারের জন্য ‘ভার্চুয়াল পোশাক’ বিক্রির পরিকল্পনা করেছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা। এই ‘ডিজিটাল ক্লোদিং স্টোর’-এ শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডের নকশা করা পোশাকও পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত ১৭ মে ইন্সটাগ্রামের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ভিডিও স্ট্রিম আলাপে উঠে এসেছে মেটা প্রধানের এই অভিনব পরিকল্পনা। ব্যালেন্সিয়াগা, প্রাডা এবং থম ব্রাউনের মতো শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডের নকশা করা পোশাকের আদলে তৈরি ‘ভার্চুয়াল পোশাক’ বিক্রি করবে মেটার ‘ডিজিটাল ক্লোদিং স্টোর’। কোম্পানির এক মুখপাত্রের বরাত দিয়েছে রয়টার্স জানিয়েছে, ডিজাইনার পোশাকগুলোর ভার্চুয়াল সংস্করণের দাম হবে দুই ডলার ৯৯ সেন্ট থেকে আট ডলার ৯৯ সেন্টের মধ্যে। দুনিয়ায় ফ্যাশন ব্র্যান্ডগুলোর তৈরি পোশাকের সঙ্গে তুলনা করলে সস্তাই বলতে হবে ভার্চুয়াল পোশাকগুলোকে। যেমন, উটপাখির চামড়া দিয়ে তৈরি প্রাডার ‘ম্যাটিনি’ ব্যাগগুলোর বাজারদর ১০ হাজার ৭০০ ডলার।
জাকারবার্গ আশা করছেন, ডেভেলপাররা বিভিন্ন রকমের ডিজিটাল পোশাক বানিয়ে বিক্রি করতে পারবেন এমন একটি উন্মুক্ত মার্কেটপ্লেসে পরিণত হবে তার ভার্চুয়াল পোশাকের দোকান। রয়টার্স আরও জানিয়েছে, মেটা অ্যাভাটারগুলোকে বিবেচনা করছে ফেইসবুক ও ইন্সটাগ্রামসহ নিজস্ব অন্য সেবাগুলোর মধ্যে ব্যবহারকারীর পরিচয় সমন্বয়ের কৌশল হিসেবে। সবগুলো প্ল্যাটফর্মকে সমন্বিত করে মেটাভার্স পরিকল্পনাকে এগিয়ে নিতে চাইছে মেটা।
ইতিমধ্যেই মেটার ভার্চুয়াল হেডসেটের মাধ্যমে অ্যাভাটার ব্যবহার করে ভিডিও গেইম খেলতে পারছেন ব্যবহারকারীরা। এ ছাড়াও, নিজস্ব ভার্চুয়াল জগৎ হরাইজন ওয়ার্ল্ডসে অ্যাভাটারের মাধ্যমে শরীরচর্চার ক্লাস এবং কনফারেন্স কলে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে মেটা।
জাকারবার্গের নতুন পরিকল্পনা নিয়ে এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ভার্চুয়াল পোশাকগুলো প্রথমে কেবল ফেইসবুক, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জার সেবায় ব্যবহারের সুযোগ থাকবে।
গত বছরেই নিজেদের ভার্চুয়াল রিয়ালিটি অ্যাভাটারগুলোকে ত্রিমাত্রিক এবং আরও অনুভূতিশীল হিসেবে উপস্থাপন করতে ডিজাইন পাল্টেছে মেটা। এ বছরের জানুয়ারি মাস থেকে ফেইসবুক, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জারে সীমিত পরিসরে অ্যাভাটার ব্যবহারের সেবাও চালু করেছে কোম্পানিটি।
