পদ্মা সেতুতে দুই বন্ধু নিহত মোটরসাইকেল নিষিদ্ধ

আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:০২ এএম

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনায় আহত হন তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মো. আলমগীর হোসেন (২৫) ও বজলুর রহমান (২৪) নামের ওই দুই যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে এ দুর্ঘটনার পরই সেতু দিয়ে আজ সোমবার থেকে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করেছে সরকার। রাতে এ সংক্রান্ত একটি নোটিস জারি করে সেতু বিভাগ বলেছে, সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। নিহত ওই দুই যুবকের বন্ধু জয়দেব জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জ থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় থাকতেন আর বিদেশফেরত বজলু থাকতেন হরিশকুল এলাকায়।

জয়দেব আরও জানান, পদ্মা সেতু খুলে দেওয়ায় তারা তিনটি মোটরসাইকেলে ৬ বন্ধু মিলে সেতুতে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন আলমগীর ও বজলু। কিছুক্ষণ পর তাদের মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে তাদের একটি পিকআপ ভ্যানে করে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাদের বাঁচানো সম্ভব হয়নি। রাত সাড়ে ১০টায় চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব জানান, সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনায় আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গতকাল তথ্য অধিদপ্তর থেকে তথ্য বিবরণী দিয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য ইলেকট্রনিক সংবাদমাধ্যমে অনুরোধ করা হয়। এতে সেতু বিভাগের মূল বার্তাটিও সংযুক্ত করা হয়। ওই বার্তা বলা হয়েছে, ‘আগামীকাল ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।’  

এ বিষয়ে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনেক বেড়ে গেছে, তারা ঝুঁকিপূর্ণ চলাচল করছে। দুর্ঘটনার আশঙ্কা করছি। তাই আগামীকাল থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে কত দিন এই নিষেধাজ্ঞা চলবে সে বিষয়ে কিছু জানাননি সচিব। তিনি বলেন, যাত্রী ও সেতুর নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সচিব জানান, সেতুর নিরাপত্তার স্বার্থে, সোমবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলে থাকবে সেনাবাহিনী। গাড়ি থামালে এবং গাড়ি থেকে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা হবে গাড়ি।

সেতু বিভাগ ও প্রকল্পের সূত্রগুলো জানায়, প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এর ৬০ ভাগের বেশি ছিল মোটরসাইকেল। মোটরসাইকেল চালক ও যাত্রীদের অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও আড্ডা দিতে দেখা গেছে। এর ফলে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ ছাড়া সেতুতে ভ্রমণের জন্য অনেক মোটরসাইকেল বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত