মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের আটটি ঘরের বারান্দার পিলার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেছেন।
সাটুরিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তিতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। ওই জমি আগে কয়েক ব্যক্তির দখলে ছিল। সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে স্থানীয়ভাবে বাধা দেওয়া হচ্ছিল।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার কাজ করে রাজমিস্ত্রিরা চলে যায়। শুক্রবার সাপ্তাহিক কাজ বন্ধ থাকে। শনিবার সকালে কাজ করতে এসে দেখা যায় আটটি ঘরের বারান্দার পিলার ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছি।’
সাটুরিয়ার ইউএনও শারমিন আরা বলেন, ‘২৫ জনু পদ্মা সেতু উদ্বোধন হলো। এ ঘরগুলো ৩০ জুন সম্পন্ন করার কথা ছিল। এই আনন্দের মধ্যে কেউ এ জঘন্য কাজটি করেছে। দোষীদের খুঁজে বের করতে থানায় মামলা করা হয়েছে।’
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে মামলা করেছেন। তদন্ত করে আসামিদের বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’
