সন্তানের খবর জানালেন আলিয়া-রণবীর

আপডেট : ২৮ জুন ২০২২, ১২:১৭ এএম

সব যেন বেশ দ্রুতই হয়ে যাচ্ছে বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর আর আলিয়া ভাটের ক্ষেত্রে। লকডাউন উঠতেই ঢাকঢোল পিটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বাবা-মা হওয়ার খবর দিলেন এই সুপারস্টার দম্পতি। সন্তান নিয়ে লুকোছাপা থাকলেও আলিয়া নিজেই গণমাধ্যমে জানিয়ে দিলেন তিনি মা হচ্ছেন। আলিয়া-রণবীর দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। গতকাল আলিয়া ভাট তার ইন্সটাগ্রাম আইডিতে মা হচ্ছেন জানিয়ে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা যায়, এই অভিনেত্রী হাসপাতালের বেডে শারীরিক চেকআপ করাচ্ছেন। তার হাত পেটের ওপর। তাকিয়ে রয়েছেন মনিটরের দিকে। ছবি বলে দিচ্ছে, অনাগত সন্তানের হার্টবিট দেখে খুশিতে আত্মহারা এই বলিউড নায়িকা। সেই ছবিতে দেখা যায়, তার পাশে একজন বসে আছেন। সেটা রণবীর কি না, বোঝা যাচ্ছে না। তবে ভারতের কিছু গণমাধ্যমে জানিয়েছে এটিই রণবীর। ছবিটি পোস্ট করে আলিয়া লিখেছেন, আওয়ার বেবি কামিং সুন (শিগগিরই আমাদের সন্তান আসছে)। শুধু আলিয়া ভাটই নন, বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত রণবীর কাপুর। তিনি অফিশিয়াল ইন্সটাগ্রামে ছবিটি প্রকাশ করে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। রণবীর ও আলিয়া ভাটের ভেরিফায়েড গ্রুপগুলো থেকেও শুভকামনা জানানো হয়েছে। রণবীর ফ্যান ক্লাবের একটি স্ট্যাটাসে বলা হয়েছে, রণবীর আলিয়া দম্পতির প্রথম সন্তান আসছে। তাদের অভিনন্দন। আলিয়ার পোস্টে অভিনন্দন জানিয়েছেন করণ জোহর, পরিণীতা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, টাইগার শ্রফসহ একাধিক তারকা। ২০১৮ সাল থেকেই বন্ধুত্ব রণবীর-আলিয়ার। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের সময় একে অপরের কাছে আসেন তারা। আগেই জানা গেছে, আলিয়া ও রণবীরের পরিবার থেকেও তাদের বিয়ের ব্যাপারে সম্মতি আছে। এমনকি তাদের দুজনের পরিবার নাকি বিয়ের প্রস্তুতি জোর কদমে শুরু করেছিলেন। তারপরে দীর্ঘ দুই তিন বছর গড়িয়ে চলতি বছর ১৪ এপ্রিল বিয়ের করেন এই তারকা দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত