নিলামে ম্যারাডোনার ’৮৬ ফাইনালের জার্সি

আপডেট : ২৮ জুন ২০২২, ০২:৪৪ এএম

সর্বকালের দামি জার্সি ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার পরা ঐতিহাসিক সেই জার্সিটি। গেল ৪ মে, ক্রীড়াজগতের স্মারক বিক্রির সব রেকর্ড ভেঙে ৯০ লাখ ডলারে বিক্রি হয়েছিল তা। মাস দুয়েকের মধ্যে আবারও নিলামে উঠছে ম্যারাডোনার জার্সি। এবারের জার্সিটি ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের।

নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন বিক্রির জন্য তুলবে এই জার্সি। প্রতিষ্ঠানটি দাবি করেছে, প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে জার্সিটা পেয়েছে তারা। ম্যারাডোনা কালো মার্কার দিয়ে এই জার্সিতে স্বাক্ষর করেছেন এবং লিখেছেন, ‘হোসে মারিয়ার জন্য এটা। আমার ভালোবাসা নিয়ো।’ নিলাম প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফাইনালের জার্সি হলেও আগেরটির তুলনায় এটি নিয়ে তেমন উন্মাদনা নেই।

রেকর্ড দামে বিক্রি হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জার্সি, অথচ ফাইনালের জার্সির জন্য প্রাক-নিলামে সর্বোচ্চ দাম উঠেছে ১৫ হাজার ডলার। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা। যার একটি থাকে সেরা গোলের বিবেচনায়, আরেকটি বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল। নিলামে অনলাইনে অংশ নেওয়ার সুযোগ আছে। এই জার্সি ছাড়াও ম্যারাডোনার অন্তত ১৫টি জার্সি তোলা হয়েছে নিলামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত