নড়াইলে শিক্ষককে জুতার মালা, শাহবাগে প্রতিবাদ

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:৪১ এএম

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কথিত ধর্মীয় অবমাননার অভিযোগে নির্যাতকদের বিচারের দাবিতে সমাবেশ করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’। গতকাল সোমবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।

বক্তারা বলেন, একের পর এক শিক্ষক নিপীড়নের ঘটনা ঘটিয়ে চলেছে উগ্রবাদী, ধর্মান্ধ গোষ্ঠী, অথচ রাষ্ট্র বিচার করছে না। এই বিচারহীনতার কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে।

পুলিশের সামনে স্বপন বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদেরও বিচার চেয়েছেন প্রতিবাদকারীরা। সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দীন কবির, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের সমন্বয়ক রবিন আহসান, উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সম্পাদক সঙ্গীতা ইমাম, নারীনেত্রী লাকী আক্তার, মুক্তা বাড়ৈসহ অনেকে। এ ছাড়া বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, মাইনরিটি রাইটস ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সংগঠনের নেতারা।

একের পর শিক্ষক নিপীড়নের ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর নীরব থাকার সমালোচনাও করেন বক্তারা। তারা বলেন, শিক্ষক সংগঠনগুলো এখন ক্ষমতাসীন দলের তোষামোদ করে নিজেদের স্বার্থ হাসিল করায় ব্যস্ত। তারা এখন ক্ষমতাসীনদের দলীয় কর্মীতে পরিণত হওয়ায় প্রতিবাদ করতে পারে না। ওপরমহলের ইশারা না পেলে প্রতিবাদ করে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দীন কবির বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় আমরা দেখি শিক্ষকদের একটা বড় অংশ প্রতিবাদ করেন না। শিক্ষক নিপীড়নের ঘটনায়ও তারা চুপ থাকেন। অথচ শিক্ষকদের জাতিকে পথ দেখানোর কথা। শিক্ষকদের নীরবতা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে সবার সম্মিলিত প্রতিবাদ জরুরি।’

বক্তারা বলেন, স্বপন বিশ্বাসের ঘটনাটি দীর্ঘ সময় ধরে ঘটেছে, সেখানে পুলিশ কিংবা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি; বরং পুলিশের সামনেই শিক্ষককে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। সেখানে যে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। ২০১৬ সালে নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানো হয়। সেখানে একজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। কিছুদিন আগে মুন্সীগঞ্জে শিক্ষক হৃদয় মণ্ডলকে বিজ্ঞান পড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। নওগাঁয় হিজাব বিতর্ক নিয়ে আমোদিনী পালকে হেনস্তা করা হয়। দশম শ্রেণির ছাত্র ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শিক্ষককে আঘাত করে খুন করেছে। এরপরও দেশের রাষ্ট্রব্যবস্থা মনে করছে, আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। এসব ন্যক্কারজনক ঘটনার যদি বিচার না হয়, তবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

স্বপন বিশ্বাসের ঘটনার বিচার না হলে আরও বড় পরিসরে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের সমন্বয়ক রবিন আহসান। তিনি বলেন, আগামী শুক্রবার শাহবাগ জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও’ সেøাগানে সমাবেশ আয়োজন করা হবে।

এদিকে স্বপন কুমার বিশ^াসকে নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৫টায় শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ আয়োজন করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত