রাজধানীর সব স্কুল বন্ধ করল শ্রীলঙ্কা

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:৪৮ এএম

জ্বালানি তেল পেট্রোল ও ডিজেলের ভয়াবহ সংকট চলতে থাকায় রাজধানী কলম্বোর সব স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব সরকারি কর্মীকে বাড়িতে থেকে কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছে এএফপি। গত রবিবার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, বর্তমানে শ্রীলঙ্কায় ৯ হাজার টন ডিজেল ও ৬ হাজার টন পেট্রোলের মজুদ রয়েছে। কিন্তু এই মজুদ নিয়ে দেশটিকে চলতে হবে অন্তত আরও দুই সপ্তাহ।

গত শনিবার শ্রীলঙ্কার সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) গণপরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়েছে। এতে প্রতি লিটার ডিজেলের দাম এখন পৌঁছেছে ৪৬০ শ্রীলঙ্কান রুপি (১.২৭ ডলার)। একই সঙ্গে পেট্রোলের দামও ২২ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি। এতে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৫৫০ শ্রীলঙ্কান রুপি (১.৫২ ডলার)।

এর মধ্যে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে শ্রীলঙ্কায়। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। জ্বালানি সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশটির যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। বর্তমানে শ্রীলঙ্কার জ্বালনি তেলের পাম্পগুলোতে সেনা প্রহরা বসানো হয়েছে। যারা জ্বালানি কিনতে আসছেন, সেনা সদস্যদের কাছ থেকে টোকেন নিয়ে পাম্পের সামনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। পাম্পে তেলের সরবরাহ এলে তবেই পেট্রোল/ডিজেল কিনতে পারছেন তারা। কিন্তু একে সেই তেলের সরবরাহ নিয়মিত আসে না, উপরন্তু সরবরাহ আসার পর কতক্ষণ তা থাকবে তা-ও অনিশ্চিত। তাই তেলের পাম্পগুলোর সামনে রাত-দিন সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন শত শত মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত