১৮ কোরবানির পশুর হাট প্রস্তুত ঢাকায়

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:৪৮ এএম

আসন্ন কোরবানি ঈদকে সামনে ঢাকার দুই সিটি করপোরেশনে বসছে মোট ১৮টি পশুর হাট। এরমধ্যে ১৭টি অস্থায়ী আর ১টি (গাবতলী) পশুর হাট স্থায়ী রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭টি হাট এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ হাট। ইজারার কাজ শেষ হওয়ার পর ইতিমধ্যে হাটগুলোতে পশু রাখার জন্য বাঁশ পুঁতে রাখা হচ্ছে। কোনো কোনো এলাকায় পশুর হাট ঘিরে বিভিন্ন তোরণ নির্মাণও করছে। তবে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে হাট মূলত ঈদের তিন চারদিন আগে থেকে বসার অনুমতি দেওয়া হয়ে থাকে। এরপরও কেউ কেউ একটু আগ থেকে প্রস্তুতি নিলে করপোরেশন খুব একটা বাধা দেয় না। তবে এবারের পশুর হাট ঘিরে করপোরেশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি থাকবে। এছাড়া করোনা শনাক্তের পরিমাণ বাড়ার কারণে এ বিষয়েও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

ডিএসসিসির ১০ হাট : ডিএসসিসি এলাকার মোট ১০টি জায়গায় এবার হাট বসবে। এরমধ্যে মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকা এবং পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা।

ডিএনসিসির ৮ হাট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮টি হাট হচ্ছে গাবতলী (স্থায়ী), বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের ৩০০ ফিট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল ও যমুনা হাউজিং কোম্পানির এবং ব্যক্তিগত মালিকানাধীনের খালি জায়গা এবং মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত