রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় নৃত্যনাট্য উৎসব। গতকাল সোমবার একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসব শুরু হয়। একাডেমির সচিব মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে ছিলেন নৃত্য গবেষক নিগার চৌধুরী ও নৃত্য পরিচালক মিনু হক।
আলোচনা পর্বের পর শুরু হয় নৃত্যনাট্য পরিবেশনা। শুরুতেই নৃত্যদল ভাবনার পরিবেশনায় মঞ্চস্থ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘ভানুসিংহের পদাবলি’। পরিচালনা ও মূল চরিত্রে ছিলেন সামিনা হোসেন প্রেমা। সংগীত পরিচালনায় ছিলেন সুমন সরকার। কণ্ঠ দিয়েছেন মিতা হক ও সুপ্রতীক দাস। পরে মিনু হকের পরিচালনায় পল্লবী ডান্স সেন্টারের নৃত্যশিল্পীরা পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাপমোচন’। সংগীত পরিচালনায় ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায় ও স্বপন পাকরাশি।
এরপর কবি দ্বিজ কানাইয়ের ‘মহুয়া’ পরিবেশন করেন নন্দন কলা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। মূল চরিত্রে অভিনয় করেন সিনথিয়া ইয়াসমিন। পরিচালনায় ছিলেন এম আর ওয়াসেক। এছাড়া ফারহানা চৌধুরী বেবি পরিচালিত পল্লীকবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ নৃত্যনাট্য পরিবেশন করেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের নৃত্যশিল্পীরা। এতে অংশ নেন কস্তুরী মুখার্জি, অনিক বোস, শহিদুল ইসলাম, স্মিতা দে, নূরে আলম, ভুমি, মুনমুন বিশ্বাস।
