চলতি বছরের দ্বিতীয় দিনে চরকির অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার। এর আগের বছরের প্রথম দিনেই চরকির অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে ৮ মিনিট ৫৬ সেকেন্ডের একটি লাইভও করেছিলেন নিশো। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটছেন। তিনি জানিয়েছিলেন, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন। সেই ঘটনার কারণ জানা গেল এতদিন পর। শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’ সিরিজের অফিশিয়াল টিজার ২৭ জুন প্রকাশ করা হয়েছে চরকির ফেইসবুক পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে, আফরান নিশোর একদম নতুন লুক। এ কাজটির জন্যই নিশো নিজেকে এমনভাবে প্রস্তুত করছিলেন। কেননা এই চরিত্রে নিশোকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত। গত বছর মরীচিকা সিরিজটির সাফল্যের পর এ বছর শিহাব শাহীন চরকির দর্শকদের জন্য আনছেন সিন্ডিকেট। এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অভিনেতা আফরান নিশোকে নিয়ে আবার জুটি বেঁধেছেন পরিচালক। তারকাবহুল এই সিরিজে নিশোর সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিণ, নাজিফা তুষিসহ আরও অনেককে।
×
