দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ল্যান্ড ডেভেলপারস সংক্রান্ত ৯২ সদস্যের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (বসুন্ধরা সিটি ডেভেলপারস লিমিটেড) সায়েম সোবহান আনভীর ও কো-চেয়ারম্যান হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান (রূপায়ণ হোল্ডিংস লিমিটেড) মো. লিয়াকত আলী খাঁন মুকুল। কমিটির ডিরেক্টর-ইন-চার্জ হয়েছেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। কমিটিতে আরও যারা কো-চেয়ারম্যান হয়েছেন তারা হলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডিসি) ডিরেক্টর মোস্তফা আজাদ মহিউদ্দিন, শিকদার হোম বিল্ড ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন এ শিকদার ও পূর্বাচল প্রবাসী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান।
গত শনিবার কমিটির সদস্যদের দেওয়া চিঠিতে এফবিসিসিআইর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাহফুজুল হক বলেন, আবাসন খাতে আপনাদের মূল্যবান অবদান ইতিবাচক ফল বয়ে আনবে, যা দেশের ব্যবসায়ী সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
