প্রায় এক বছর পর সংসদে বক্তৃতা দিলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। গতকাল বুধবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি অংশ নেন।
চিকিৎসা শেষে সাত মাস পর সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন রওশন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে। বাজেট আলোচনায় রওশন এরশাদ বলেন, ‘গত বছরের আগস্ট থেকে আমি অসুস্থ। আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারা সবাই দোয়া করেছেন। মাননীয় স্পিকার আপনি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন। সংসদে কথা হয়েছে।’
পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।’
রওশন বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশন এরশাদের আবার ব্যাংকক যাওয়ার কথা।
এদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সংসদে যোগদান করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানান এবং তার জন্য দোয়া করেন। প্রধানমন্ত্রী নিজেই চলে যান বিরোধী নেতার আসনের সামনে। তার সঙ্গে কথাও বলেন।
