পুলিশ এফসি বাধা ফিরতি দেখায়ও টপকাতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিকদের ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পুলিশ। প্রথমার্ধেই তিন গোল করে পুলিশ। লিগের প্রথমপর্বেও পুলিশ জিতেছিল ১-০ গোলে।
এই হারে অবনমন শঙ্কায় থাকা মুক্তিযোদ্ধার দুর্গতি বেড়েছে। ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা মুক্তিযোদ্ধাকে থাকতে হচ্ছে ঝুঁকিতে। তাদের সমান পয়েন্ট রহমতগঞ্জেরও। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পুলিশ।
তৃতীয় মিনটি ক্রিস্টিয়ানো কুয়াকোর গোলে লিড নেয় পুলিশ। ১৮ মিনিটে অসাধারণ বাইসাইকেল কিকে ব্যবধান ঘোচান মুক্তিযোদ্ধার সুদি আব্দুল্লাহ। তবে ২৬ মিনিটে কোয়াকো ফের গোল করে পুলিশকে এগিয়ে নেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ৩-১ করে এমএস বাবলু। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জোড়া গোল করে পুলিশের সপ্তম জয়ে বড় ভূমিকা রাখেন বাবলু।
