ঋণগ্রস্ত স্কুল শিক্ষকের আত্মহত্যা

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:২৯ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে চরপাথরঘাটার ভাড়া বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন শিক্ষক জয়।

শিক্ষক জয় পটিয়া থানার গুয়াতলী এলাকার শান্তি প্রিয় চ্যাটার্জির ছেলে। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, চরপাথরঘাটা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন শিক্ষক জয় চ্যাটার্জি। সেই বাসার কাজের লোক আজ দুপুরে রান্না করতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। এরপর চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করেও না পেরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পর দেখতে পাই দরজাটি ভেতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, শিক্ষক জয় ভাড়া বাসায় একাই থাকতেন। বাসায় আমরা জয় চ্যাটার্জির নিজ হাতে লেখা একটা কাগজ পেয়েছি। বিভিন্ন মানুষ ১৫ লাখ টাকা পেতেন বলে লিখে গেছেন। তাতে কে কত টাকা পেতেন তাও লিখে গেছেন। এছাড়া তার ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলেও কাগজটিতে লেখা আছে। এছাড়া ২০১৫ সালে স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়। আর তার মা-বাবা বছরখানেক আগে মারা গেছেন বলেও চিরকুটে লেখা আছে। এসব বিষয় নিয়ে হতাশা থেকে জয় চ্যাটার্জি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত