সুইডেন-ফিনল্যান্ডকে ন্যাটোভুক্তিতে তুরস্কের সম্মতি

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:৩১ এএম

সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো সামরিক জোটের সদস্য করায় আপত্তি প্রত্যাহার করল তুরস্ক। এতদিন নরডিক দেশ দুটিকে ন্যাটোভুক্ত করায় ভেটো দিচ্ছিল আঙ্কারা। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সেই অবস্থান পরিবর্তনে রাজি হয়েছে এরদোয়ান প্রশাসন। ন্যাটোর নিয়ম অনুসারে, নতুন কোনো সদস্য নিতে হলে জোটের সব দেশেরই সম্মতি থাকতে হয়। ফলে সুইডেন ও ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোয় যোগ দেওয়ার আবেদন জানালেও তুরস্কের আপত্তির কারণে তা আটকে গিয়েছিল।

তুরস্কের অভিযোগ ছিল, দেশ দুটি কুর্দি বিদ্রোহীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এটি বন্ধ না হলে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো সদস্য করায় ভেটো দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তবে মাদ্রিদে ন্যাটো সম্মেলনের মাত্র কয়েক ঘণ্টা আগে গত মঙ্গলবার দীর্ঘ বৈঠকে অবশেষে সমঝোতায় পৌঁছায় তুরস্ক, সুইডেন ও ফিনল্যান্ড। সেখানে তিন দেশ একটি চুক্তিতে সই করেছে, যেখানে তুরস্কের উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, সন্দেহভাজন বিদ্রোহীদের তুরস্কে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ আরও জোরালো করতে রাজি হয়েছে সুইডেন। আঙ্কারা যাদের হুমকি হিসেবে দেখে, তাদের প্রতি দৃষ্টিভঙ্গি কঠোর করার জন্য সুইডিশ ও ফিনিশ আইন সংশোধন করা হচ্ছে। সেই সঙ্গে, তুরস্কের কাছে অস্ত্র বিক্রির বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। তুর্কি প্রেসিডেন্ডের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি অনুসারে, নিষিদ্ধ ঘোষিত পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) ও এর সহযোগীদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে পূর্ণ সহযোগিতা করবে দেশগুলো।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তো বলেছেন, তিন দেশ একটি যৌথ স্মারকে সই করেছে, যার মাধ্যমে একে অপরের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি মোকাবিলায় পূর্ণ সহযোগিতা আরও বাড়ানো হবে। সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, এটি ন্যাটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত