ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না র‌্যাগ ডে

আপডেট : ৩০ জুন ২০২২, ০৮:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে আর র‌্যাগ ডে পালন করতে পারবে না। তবে ‘শিক্ষা সমাপনী উৎসব’ পালন করা যাবে। 

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য। 

তবে এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেতিবাচক মনোভাবের পরিচয় দিচ্ছি বলে মনে করছে শিক্ষার্থীরা। 

২০২০ সালের ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল র‌্যাগ ডে-কে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে ‘আরও সুন্দর, নান্দনিক ও ভালো’ করতে নীতিমালা তৈরির জন্য একটি কমিটি করা হয়।

নীতিমালা প্রণয়নে গঠিত ওই কমিটির আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও সদস্য সচিব ছিলেন প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কলা, জীববিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়। ওই কমিটির প্রণীত নীতিমালা বুধবার অনুমোদন দেয় সিন্ডিকেট।

সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, র‌্যাগ ডে নামে কোনো উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে না। এর নাম হবে শিক্ষা সমাপনী উৎসব। এটা উদযাপনে শিক্ষার্থীদের কিছু নিয়ম মানতে হবে। 

সেগুলো হলো সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করবেন; নিজ নিজ বিভাগ-ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে; ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে শোভাযাত্রা করা যাবে; বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলাকালে উচ্চ স্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে; বিভাগ-ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে কিংবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে; শিক্ষা সমাপনী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।

তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মানতে নারাজ। কয়েকজন শিক্ষার্থী দেশ রূপান্তরকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত তারা মানবেন না। 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী জালালউদ্দিন মোহম্মদ আকবর বলেন, শিক্ষাজীবন শেষে আমরা একটা উৎসব পালন করতাম। সেটা বন্ধ করে দিচ্ছি। আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। 

বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নিরোধ বর্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের আমাদের বিনোদনের ব্যবস্থা এমনিতেই কম। আমারা পড়াশোনা শেষ করে একটা উৎসব করতাম, সেটাও বন্ধ করে দিচ্ছে। এই উৎসব বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হীনমন্যতার পরিচয় দেয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, র‌্যাগ ডে আর হবে না, এখন থেকে শিক্ষা সমাপনী উৎসব হবে। স্ব স্ব বিভাগের তত্বাবধানে নিয়ম মেনে এ উৎসব পরিচালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত