বুম বুম বুমরাহ

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২:০৬ এএম

আগের ২৯ টেস্টের ৪৪ ইনিংসে ব্যাট করেও গড়টা ৭ পর্যন্ত নিতে পারেননি জাসপ্রিত বুমরা। সেই বুমরাই কিনা ব্যাট হাতে একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন! ব্রায়ান লারার গড়া ২৮ রানের বিশ্বরেকর্ড ভেঙে টেস্টের এক ওভারে গড়লেন ২৯ রানের নতুন রেকর্ড। অতিরিক্ত মিলিয়ে ৩৫ রান লাল বলের ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রানেরই নতুন রেকর্ড।

আর রেকর্ডটা গড়েছেন ভারতের নতুন অধিনায়ক এমন একজনের বলে, যিনি গতকালই টেস্ট ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে ৫৫০ উইকেট নিয়েছেন। বেচারা  ব্রড! ২০০৭ টি-২০ বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। শনিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের ইনিংসের ৮৪তম ওভারে লণ্ডভণ্ড হয়ে যান ব্রড। প্রথম ডেলিভারিতে হুক করতে গিয়ে বিশাল টপ এজ হয়ে যায় বুমরাহর। তবে বল ফাঁকায় পড়ায় বিপদ ঘটেনি। উল্টো চার পেয়ে যান তিনি। পরের বলটি ছিল বাউন্সার। ইংলিশ উইকেটরক্ষককে স্যাম বিলিংসকেও ফাঁকি দেয় তা। সীমানার বাইরে চলে যাওয়ার সঙ্গে আসে ওয়াইডের সিদ্ধান্তও। এরপর নো বলে ছক্কা হাঁকান বুমরাহ। অর্থাৎ ওভারের মাত্র একটি বৈধ বলে চলে আসে ১৬ রান!পরের তিন বলে যথাক্রমে মিড অন, ফাইন লেগ ও মিড উইকেট দিয়ে চার মারেন বুমরাহ। ব্রডের দুর্দশা বাড়িয়ে এরপর ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মারেন তিনি। এতেই আগের সব কীর্তি ভেঙে গড়া হয়ে যায় নতুন বিশ্ব রেকর্ড। ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রাখেন বুমরাহ। এতে সবমিলিয়ে ৩৫ রান ওঠে ওই ওভারে। শেষ পর্যন্ত বুমরাহ অপরাজিত থেকে যান ১৬ বলে ৩১ রানে। ৪ চার ও ২ ছক্কা আসে তার ব্যাট থেকে। সবগুলো বাউন্ডারি তিনি মারেন ব্রডের ওই ওভারে।

২৮ রানের আগের বিশ্বরেকর্ডটি লারা ছাড়াও ছিল আরও দুজনের। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার স্পিনার অলরাউন্ডার কেশব মহারাজ এই ব্রডকেই তুলোধুনো করেছিলেন। আর অস্ট্রেলিয়ার জর্জ বেইলির রেকর্ডটি হয়েছিল ব্রডেরই নতুন বলের জুটি জেমস অ্যান্ডারসনের ওভারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত