রাজশাহীতে চারদিনের অনুশীলন ম্যাচে বাংলা টাইগার্সকে টপকে গেল এইচপি দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তারা ৩২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে নেমে ৪৮ ওভারে ৪ উইকেটে ১২৩ রানে থেমেছে এইচপি। এর আগে বাংলা টাইগার্স তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩১৮ রান করে ইনিংস ঘোষণা করে। ৯১ রানের ব্যবধান ঘুচিয়ে বেশ ভালোই এগোচ্ছে আকবার আলির এইচপি দল।
অনুশীলন ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর রানের দেখা পান সৌম্য সরকার। বাংলা টাইগার্সের হয়ে ম্যাচের দ্বিতীয় দিনই ১৯৬ বলে ৮১ রান করেন। তার ব্যাটে ৬ উইকেটে ১৯৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল টাইগার্সরা। সেঞ্চুরি মিসের আক্ষেপ বাংলা টাইগার্সকে দ্বিতীয়বার পড়তে হয় গতকাল। এবার কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি ফজলে রাব্বি। ১৮০ বলে ৮৯ রান করে মৃত্যুঞ্জয়ের বলে এলবিডব্লিউ হন। এইচপির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন এ পেসার। এছাড়া বাকি দুই পেসার রিপন ম-ল ও মুকিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।
রাজশাহীর পিচে পেস ধরে তা এইচপির পেসাররা বুঝিয়ে দিলেন। কিন্তু বাংলা টাইগার্স এই পেস ট্র্যাকেও স্পিনারদের কাঁধে ছুটছে। প্রথম ইনিংসে নাঈম ইসলামের ৫ উইকেটের পর কাল এইচপির দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের তিনটিই নিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ওপেনার মাহফিজুল ইসলাম ২৭, অমিত হাসান ৪ ও তৌহিদ হৃদয় ৬ রানে ফেরেন এ বাঁহাতির স্পিনে। এছাড়া তানজীদ তামিমকে ৩৩ রানে ফেরান আবু হায়দার রনি। চতুর্থ দিনও তানভীরের স্পিন ভেলকি চলতে থাকলে খুব বেশি লক্ষ্য তাড়া করতে হবে না টাইগার্সকে।
