টানা চতুর্থ মেয়াদে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী চার বছর এ অঞ্চলের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। গতকাল ঢাকায় সাফের কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে সালাউদ্দিন বহুল আলোচিত সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রতিশ্রুতি দিয়েছেন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি সালাউদ্দিন।
গতকাল সাফের বিদায়ী নির্বাহী কমিটির সভা হয় সকালে। দুপুরের পর হয় কংগ্রেস ও নির্বাচনের আনুষ্ঠানিকতা। এরপর সালাউদ্দিন বলেন, আমি যখন সাফের প্রেসিডেন্ট হই, তখন মাত্র একটি টুর্নামেন্ট ছিল। এখন প্রতি বছর পাঁচ থেকে ছয়টি টুর্নামেন্ট হয়। এটাই বলে দেয় এর সাফল্য কতখানি। ক্লাব চ্যাম্পিয়নশিপটা এখন বাকি আছে। ছয়টা যখন হচ্ছে, এর সঙ্গে আরেকটা যোগ হবে। এছাড়া আর কোনো সুযোগ নেই অন্য কিছু যোগ করার। সাফ চাইছে এক বছর সাফ চ্যাম্পিয়নশিপ ও আরেক বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ করতে। সালাউদ্দিন শেষ ১২ বছরে নিজেকে সভাপতি হিসেবে সফল দাবি করে বলেন, ‘আমি বলব গত কয়েক বছরের পথচলাটা সফল ছিল। এক টুর্নামেন্ট থেকে ছয়টি টুর্নামেন্ট করছি প্রতি বছর। এক বছরে এর চেয়ে বেশি করা সম্ভব নয়। আর এগুলো গত কয়েক বছর ধরেই হচ্ছে। ছেলেদের বলেন, মেয়েদের বলেন, বয়সভিত্তিক ফুটবল, গত কয়েক বছরে এসব টুর্নামেন্ট হয়েছে। আমি কাজ করেছি বলেই আমাকে সবাই আবার নির্বাচিত করেছে।’
নির্বাচনে সাফের কার্যনির্বাহী কমিটির সাতটি পদের মধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সালাউদ্দিনসহ তিনজন। বাকি চার পদে প্রার্থী না থাকায় পরবর্তী সময়ে পুনর্নির্বাচন হবে।
