কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সেন্ট্রাল ইটিপি) বন্ধ থাকায় বন্ড সুবিধা পাচ্ছে না সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর ১৭টি কারখানা। ফলে আসন্ন কোরবানির ঈদের সময় এই প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত কাঁচা চামড়া সংগ্রহ করা থেকে বিরত থাকতে পারে। এর ফলে প্রচুর কাঁচা চামড়া অবিক্রীত অবস্থায় পড়ে থাকতে পারে, চামড়ার দাম পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিতে পারে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকা কাস্টমস অ্যান্ড কমিশনারেটের অধীনে ২৭টি সুপারভাইজড এবং সুপারভাইজড নয় এমন কিছু বন্ড লাইসেন্সধারী চামড়া শিল্প রয়েছে। এদের মধ্যে ১৭টি কারখানার হালনাগাদ পরিবেশ ছাড়পত্র নেই। ইতিপূর্বে বেশ কয়েকবার সময় নিয়েও নির্ধারিত সময়ে পরিবেশ ছাড়পত্র দাখিল করতে পারেনি। শর্ত পালনে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিতসহ বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) লক ও বন্ডিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে কোরবানির ঈদের সময় চামড়া শিল্পে একটি বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা মোতাবেক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। লাইসেন্স গ্রহণের সময় ট্যানারি মালিকরা দেশের সব প্রচলিত বিধিবিধান মেনে চলার প্রতিশ্রুতি দিলেও পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ছাড়াই ব্যবসা করতে চান।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার থাকলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। ফলে পরিবেশ অধিদপ্তর উল্লিখিত ১৭টি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দিচ্ছে না। সম্প্রতি চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের পরিপ্রেক্ষিতে হালনাগাদ পরিবেশ ছাড়পত্র ছাড়া বন্ড সুবিধা অব্যাহত রাখা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটলে লাইসেন্সিং কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হতে পারে। আসন্ন কোরবানির ঈদের সময় চামড়া শিল্পের বন্ড সুবিধা প্রদান করার বিষয়ে মতামত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা।
