শুক্রবার পদ্মা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০১:৫৩ এএম

পদ্মা সেতুতে এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। গত শুক্রবার সেতু উদ্বোধনের ষষ্ঠ দিনে জাজিরা ও মাওয়ার দুই প্রান্তের টোল প্লাজায় এই টোল আদায় করা হয়। এদিন সেতু দিয়ে পারাপার হয় ২৬ হাজার ৩৯৮টি যানবাহন।

পদ্মা সেতু উদ্বোধনের পর গত ২৬ জুন সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ডটি ছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা। ওইদিন ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। তবে ওইদিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়। এরপর যানবাহন ও টোল কমে যায়।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের প্রকৌশলীরা জানান, গত শুক্রবার ছুটির দিন হওয়ায় সেতুতে যানবাহনের চাপ ছিল অনেক বেশি। এদিন জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৫৯৭টি গাড়ি পার হয়। এই প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা। আর মাওয়া প্রান্ত দিয়ে পার হওয়া ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে আদায় হয় ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা।

শুক্রবার সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ ছিল বেশি। দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে গাড়ির সারি বাড়তে থাকে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টোল প্লাজা এলাকায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত