রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা হয়েছে। গত শুক্রবার এই দুই নেতার মধ্যে ওই টেলিফোন আলাপ হয় বলে মোদির কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কৃষিপণ্য, সার ও ওষুধজাতীয় পণ্যের দ্বিপক্ষীয় বাণিজ্যকে কীভাবে আরও উৎসাহিত করা যায় সে বিষয়ে তারা মতবিনিময় করেন। দুই নেতা বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক খাদ্য ও জ্বালানি বাজারের পরিস্থিতিও আছে।
রাশিয়া ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক যে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তাতে ভারত যোগ দেয়নি, উল্টো ওয়াশিংটনের হুমকি-ধমকি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে কম দামে আগের তুলনায় বেশি বেশি জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে তারা।
টেলিফোন আলাপে মোদি পুতিনকে ইউক্রেন সংকট নিরসনে কূটনীতি ও আলোচনার পথকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।
