পানি ছেড়ে সৈকতের বালুতে ডিম পাড়া মাছ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৪১ এএম

সাধারণত মাছ পানির নিচে নিজস্ব বলয়ে অস্থায়ী কিন্তু নিরাপদ জায়গায় ডিম পাড়ে। বিশ্বে বালুতে ডিম দেওয়া মাছের প্রজাতি অতি বিরল। কিন্তু যুক্তরাষ্ট্রে একটি মাছ সমুদ্র সৈকতে এসে বালিতে লেজ দিয়ে গর্ত করে ডিম পাড়ে। মাছটির নাম গ্রুনিয়ন। 

প্রতি বছর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ছোট আকৃতির এই মাছ দেখা যায়। গ্রুনিয়নের পিঠের দিকটি নীলচে সবুজ এবং পেট ও পাশের রং রুপালি। মাছটির গড় আকৃতি ৬-৭ ইঞ্চি।

এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশটির বাজা ক্যালিফোর্নিয়া থেকে সান্টা বারবারার সমুদ্র সৈকতে ডিম পাড়তে ভিড় জমায় এই মাছ। ডিম পাড়তে রাতের নির্জন সৈকতকে বেছে নেয় গ্রুনিয়ন। তাই এসব এলাকায় রাতে সৈকতের বালুতে এসব মাছকে হুটোপুটি করতে দেখা যায়। 

প্রজননের এই অদ্ভুত আয়োজন শুরু হয় পূর্ণ জোয়ারের পর অথবা নতুন চাঁদ ওঠার পরে। এসময় মাছগুলো পুরোপুরি সমুদ্রের পানি ছেড়ে সৈকতে উঠে আসে। রাতের সৈকত হয়ে ওঠে রুপালি চকচকে কার্পেটের মতো। ভেজা বালুতে স্ত্রী মাছ কৌশলে লেজ দিয়ে গর্ত করে নিয়ন-কমলা রঙের ডিম ছাড়ে। পুরুষ মাছগুলোর মধ্যে শুরু হয়ে যায় প্রতিযোগিতা। অবশেষে স্ত্রী মাছের পছন্দের একটি পুরুষ মাছ ডিমগুলোর নিষেকের কাজ সম্পন্ন করে। ঢেউয়ে ভেজা বালুতে ডিমগুলো থেকে ১০ দিনের মাথায় আরেকটি পূর্ণ জোয়ারে বের হয়ে আসে গ্রুনিয়নের পোনা। পোনাগুলো ১ বছরে ৫ ইঞ্চি লম্বা হয় এবং ডিম দেওয়ার উপযোগী হয়ে ওঠে। সাধারণত গ্রুনিয়নের গড় আয়ু ৩-৪ বছর।

বালুতে চমৎকার মাছের হুটোপুটি আর অদ্ভুত প্রজনন দেখতে ক্যালিফোর্নিয়া অঞ্চলের সৈকতে ভিড় জমান অনেক দর্শনার্থী। তবে দেখতে গিয়ে টর্চের আলো জ্বেলে এই মাছের প্রজনন ক্রিয়ায় বিঘœ না ঘটাতে অনুরোধ করছেন গ্রুনিয়ন বিশেষজ্ঞরা। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, সমুদ্রের পানির অমøত্ব বেড়ে যাওয়াসহ নানা কারণে হুমকিতে আছে এই মাছ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত